আশুলিয়া থানার সামনে এক নারী নির্যাতনের শিকার
পাওনা টাকা না পেয়ে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন রহিমা বেগম। সে জন্য ওই ব্যবসায়ী গত শনিবার থানার সামনেই তাঁকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।
রহিমা বেগম টাঙ্গাইলের মধুপুরের চাকন্ডগোলাবাড়ী গ্রামের আবুল বাশারের স্ত্রী। তাঁরা আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় দূরপাল্লার বিভিন্ন পরিবহনের টিকিট বিক্রি করেন।
আশুলিয়া থানা-পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে রহিমা বছর খানেক আগে দুই শতাংশ জমির জন্য আশুলিয়ার ভাদাইলের জমি ব্যবসায়ী চাঁন মিয়াকে বায়না হিসেবে এক লাখ টাকা দেন। দীর্ঘদিনে জমির নিবন্ধন করে না দেওয়ায় রহিমা টাকা ফেরত চান। টাকা ফেরত না পেয়ে গত ১০ মে রহিমা আশুলিয়া থানায় চাঁন মিয়ার বিরুদ্ধে জিডি করেন।
রহিমা অভিযোগ করেন, শনিবার বিকেলে এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য তিনি থানায় যান। থানা থেকে বের হওয়ার পরপরই চাঁন মিয়া তাঁকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চান মিয়া চলে যান।