আশুলিয়া থেকে অপহৃত শিশু রাজশাহীতে উদ্ধার
ঢাকার আশুলিয়া থেকে গত বুধবার অপহৃত এক শিশু গতকাল শুক্রবার রাজশাহীতে উদ্ধার হয়েছে। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে র্যাব।
উদ্ধার হওয়া শিশুটির নাম আহসান হাবিব ওরফে সিয়াম (৬)। তার বাবার নাম ওয়াশিম ভূঁইয়া। বাড়ি ঢাকার আশুলিয়ায়।
আটক দম্পতি হলো আবদুল হাদী (২৯) ও শেফালি খাতুন (২৫)। আবদুল হাদীর বাড়ি রাজশাহী শহরের মতিহার থানার কাপাশিয়া এলাকায়।
র্যাবের মিডিয়া কর্মকর্তা তোফায়েল হোসেন সরকার জানান, সাত মাস আগে আশুলিয়ায় ওয়াশিম ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন আবদুল হাদী ও শেফালি খাতুন দম্পতি। তাঁরা নিজেদের তৈরি পোশাক কারখানার কর্মী হিসেবে পরিচয় দেন। এরপর কৌশলে বাড়ির মালিকের পরিবারের সদস্যদের সঙ্গে সখ্য গড়ে তোলেন তাঁরা। গত বুধবার বিকেলে তাঁরা মালিকের ছেলে আহসান হাবিবকে নিয়ে বেড়ানোর কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি। ফোন করলে আবদুল হাদী ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন, অন্যথায় ছেলেকে হত্যার হুমকি দেন।
এ ঘটনার পর ওয়াশিম ভূঁইয়া আশুলিয়া থানায় জিডি করেন এবং বিষয়টি র্যাব-১ কে জানান। র্যাব-১ অপহরণকারীদের অবস্থান রাজশাহীতে জানতে পারে। তখন তারা বিষয়টি র্যাব-৫ কে জানায়। র্যাব-৫ এর ফাঁদে পা দিয়ে মুক্তিপণের টাকা উঠাতে গিয়ে কাটাখালী বাজার থেকে প্রথমে আটক হন আবদুল হাদী। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মতিহার থানা এলাকার কাপাসিয়া নওদাপাড়ায় তাঁদের বাড়ি থেকে শিশু আহসান হাবিবসহ আবদুল হাদীর স্ত্রী শেফালি খাতুনকে আটক করা হয়।