আশুলিয়ার পশুর অবৈধ হাট উচ্ছেদ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার পশুর অবৈধ হাট উচ্ছেদে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। গতকাল রোববারও বিভিন্ন অবৈধ হাটে পশু বেচাকেনা হয়েছে। তবে উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, অবৈধ হাট উচ্ছেদে গতকাল বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

এ বছর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর বটতলা, ধামসোনা ইউনিয়নের বগাবাড়ির বসুন্ধরা আবাসিক এলাকা, ডেন্ডাবর, ঘোড়াপীরের মাজারসংলগ্ন আলহাজ¦জাফর ব্যাপারী উচ্চবিদ্যালয় মাঠ, বাইপাইল মণ্ডলপাড়া ও শ্রীপুর বালুর মাঠ, আশুলিয়া ইউনিয়নের চারাবাগ, কাঠগড়া, কুটুরিয়া ও আশুলিয়া বাজার, শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি বাজার, পাড়াগ্রাম ও টেঙ্গুরী এলাকায় পশুর অবৈধ হাট বসানো হয়েছে। গতকাল সরেজমিনে এসব হাটে বিপুলসংখ্যক পশু বেচাকেনা করতে দেখা যায়।   

সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসের বেগ বলেন, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বিকাশ বিশ্বাস আশুলিয়ার শিমুলিয়ায় অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজাহারুল ইসলাম বলেন, সহকারী কমিশনার (ভূমি) বিকাশ বিশ্বাস গতকাল তাঁর এলাকার পাড়াগ্রামের পশুর হাটে গিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে যান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘পশুর অবৈধ হাট উচ্ছেদ অভিযানের বিষয়ে আমার কিছু জানা নেই।’ এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বিকাশ বিশ্বাসের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।

আশুলিয়া থানা থেকে আধা কিলোমিটার দূরে বগাবাড়ির বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল জমজমাট পশুর হাট দেখা যায়। আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুনসুর আলম মাদবর অবৈধভাবে এ হাট বসিয়ে শতকরা ৫ টাকা হারে হাসিল নিচ্ছেন। স্থানীয়রা বলেন, আবাসিক এলাকার ভেতরে অবৈধভাবে হাট বসানোর পরও প্রশাসনের পক্ষ থেকে গতকাল পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হাটসংশ্লিষ্ট একজন ব্যবসায়ী বলেন, সংশ্লিষ্টদের মোটা অঙ্কের টাকা দিয়ে তাঁরা এ হাট বসিয়েছেন।

সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বলেন, ‘আশুলিয়ার সহকারী কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। আগামীকাল (আজ সোমবার) অভিযান চালিয়ে অন্তত বসুন্ধরা এলাকার হাটটি উচ্ছেদ করা হবে।’