আশুলিয়ায় অপহরণের ২৮ ঘণ্টা পর শিক্ষিকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে অপহৃত এক স্কুলশিক্ষিকা ২৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছেন। গতকাল সোমবার তিনি বাড়িতে ফিরেছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিক্ষিকা বাসা থেকে বের হন। এর ঘণ্টা খানেক পর ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তিনি অপহৃত হন।
শিক্ষিকার ছোট ভাই জানান, রাকিব হোসেন নামের এক তরুণ তাঁর বোনকে ফোন করে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় যেতে বলেন। তাঁরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে একটি মাইক্রোবাস থামে। চার যুবক জোর করে রাকিব ও তাঁর বোনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
শিক্ষিকার ছোট ভাই অভিযোগ করেন, রাকিব তাঁর বোনের পূর্বপরিচিত। তিনি তাঁর বোনকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। সম্প্রতি তাঁর বোনের বিয়ে হওয়ায় রাকিব ক্ষুব্ধ হন। ওই ক্ষোভ থেকেই রাকিব তাঁকে অপহরণ করে বগুড়ায় নিয়ে যান। বিষয়টি জানার পর রাকিবের স্বজনেরা গতকাল বেলা তিনটার দিকে তাঁর বোনকে সাভারে পৌঁছে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির প্রথম আলোকে গতকাল বলেন, অপহরণের পর থেকেই শিক্ষিকাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত ছিল। পুলিশের তৎপরতায় ভীত হয়ে দুর্বৃত্তরা তাঁকে ছেড়ে দিয়েছে।