আশুলিয়ায় অবৈধ গ্যাস-সংযোগ বন্ধে অভিযান
ঢাকার আশুলিয়ার বাসাইদ এলাকায় সাড়ে ৩ হাজার ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। বাসাইদের পাঁচটি স্থানে গতকাল সোমবার এ অভিযান চালানো হয়।
তিতাসের সাভার কার্যালয় সূত্রে জানা গেছে, বছর খানেক আগে সাড়ে তিন কিলোমিটার অবৈধ পাইপলাইনের মাধ্যমে বাসাইদে ৪ হাজার ১০০টি গ্যাস-সংযোগ দেওয়া হয়। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ওই লাইনের সাড়ে ৩ হাজার ফুট অপসারণ করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অবৈধ গ্যাস-সংযোগ বৈধ করে দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের কাছ থেকে চুলাপ্রতি ৪০ থেকে ৬০ হাজার টাকা আদায় করেন। এরপর পুরো গ্রামে পাইপলাইন বসিয়ে তাঁরা বাড়ি বাড়ি গ্যাস-সংযোগের ব্যবস্থা করে দেন।
সাভার তিতাস গ্যাসের ব্যবস্থাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ বা ভ্রাম্যমাণ আদালতের সহায়তা ছাড়াই গতকাল অবৈধ লাইন উচ্ছেদে অভিযান চালানো হয়।