আশুলিয়ায় অস্ত্রসহ তিন 'ডাকাত' গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁরা পাবনার ঈশ্বরদী থানায় করা একটি ডাকাতি মামলার আসামি।
ডাকাতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্যসহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাভারের ফকরুল কবির (২৩), অনিক ইসলাম (২৩) ও দেলোয়ার হোসেন (১৯)।
র্যাব-৪ সাভার ক্যাম্প সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া তিনজনসহ একদল ডাকাত গত ২২ মে গভীর রাতে গাজীপুর সিটি করপোরেশন এলাকার চৌরাস্তা থেকে একটি বাসে ডাকাতি করে। এ সময় ওই বাসে ঘুমিয়ে থাকা বাসটির মালিক ও তাঁর ভাইকে মারধর করে বাসের ভেতর আটকে রাখে। এরপর ডাকাতেরা কৌশলে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা, ঢাকার সাভার, নবীনগর ও টাঙ্গাইলের মির্জাপুরসহ বিভিন্ন স্থান থেকে অন্তত ১৬ জন যাত্রী তোলে। বাসে ওঠার পর তাঁরা যাত্রীদের মারধর করে নগদ অর্থ ও মুঠোফোন লুটে নিয়ে হাত-পা ও চোখ-মুখ বেঁধে বাসে ফেলে রাখে। ভোরের দিকে বাস নিয়ে ডাকাতেরা পাবনার ঈশ্বরদীর বড়ইচড়া এলাকায় পৌঁছালে বাসের মালিক ও তাঁর ভাই বাসের জানালা খুলে ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। এ সময় স্থানীয় জনতা পাঁচ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনার দিনই বাসের মালিক মোহাম্মদ শামীম পাঁচ ডাকাতের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করেন। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ফকরুল, অনিক, দেলোয়ারকে ওই মামলায় আসামি করা হয়।
ঈশ্বরদী থানার পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী প্রযুক্তির সহায়তা নিয়ে আজ ভোরে র্যাব নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি রিভলবার, ছয়টি গুলি, ১৮০টি ইয়াবা বড়ি, তিনটি মুঠোফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
র্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুল হাকিম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁদের দলে অন্তত ৩০ জন ডাকাত রয়েছে। বাস ছিনিয়ে নিয়ে ওই বাসে কৌশলে যাত্রী তুলে সর্বস্ব লুটে নিয়ে থাকে তারা।