আশুলিয়ায় আটকের পর 'বন্দুকযুদ্ধে' নিহত যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল দেওয়ান নামের এক যুবক মারা গেছেন। কথিত বন্দুকযুদ্ধের মাত্র আট ঘণ্টা আগে তাঁকে আটক করা হয়েছিল। রাসেল আশুলিয়া থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন উল্লেখ করে তাঁর পরিবারের অভিযোগ, দলীয় কোন্দলের জেরে তাঁকে মেরে ফেলা হয়েছে।
পুলিশ বলেছে, গত শনিবার গভীর রাতে আশুলিয়ার চারিগ্রাম এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। রাসেল দেওয়ান (৩০) আশুলিয়ার নিরিবিলি টাকসুর এলাকার পিয়ার আলী দেওয়ানের ছেলে। তিনি পুলিশের তালিকায় থাকা শীর্ষ সন্ত্রাসী।
আশুলিয়া থানায় গতকাল দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিরিবিলি এলাকা থেকে রাসেলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনার কথা স্বীকার করেন ও বাহিনীর কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা জানান। পরে আশুলিয়া থানা ও ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ তাঁকে নিয়ে নবীনগর বাসস্ট্যান্ডের অদূরে চারিগ্রাম এলাকায় অভিযানে যায়। রাত সোয়া তিনটার দিকে পুলিশ চারিগ্রাম সেতুর পূর্ব পাশে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে রাসেল পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। এএসপি নাজমুল হাসান বলেন, এর কিছু সময় পর ঘটনাস্থলের পাশে রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেলেও বাকিরা পালিয়ে যান। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা রাসেলকে মৃত ঘোষণা করেন।
এএসপি আরও বলেন, রাসেলের বিরুদ্ধে আশুলিয়া ও সাভার থানায় দুটি হত্যা, একটি ব্যাংক ডাকাতি, চারটি অস্ত্র, দুটি ডাকাতির প্রস্তুতি মামলাসহ ১৪টি মামলা রয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বন্দুকযুদ্ধের’ স্থান থেকে একটি রিভলবার, একটি পিস্তল, পাঁচটি গুলি, একটি চায়নিজ কুড়াল ও কয়েকটি ছোরা উদ্ধার করা হয়েছে। গুলিবিনিময়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান, কনস্টেবল শাহীন ও সজীব আহত হন বলেও এ সময় জানায় পুলিশ।
তবে রাসেলের স্ত্রী সাথী বেগম দাবি করেন, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাথী বেগম বলেন, তিনি আশুলিয়া থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। দলীয় কোন্দলের জেরে গত বছর তাঁকে বহিষ্কার করা হয়। ওই কোন্দলের জেরেই তাঁকে মেরে ফেলা হয়েছে।
আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি আবদুল মোমিন বলেন, রাসেল একসময় থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় বছর খানেক আগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।