আশুলিয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল
ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে দেড় কোটি টাকা মূল্যের প্রায় দুই বিঘা জমি গত রোববার রাতে দখল হয়ে গেছে। নর্দান ইয়ার্ন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান আদালতের আদেশ অমান্য করে শতাধিক লোক নিয়ে ওই জমিতে থাকা স্থাপনা ভেঙে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। দখলের কয়েক ঘণ্টা আগেও ওই জমিতে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির সাইনবোর্ড ও স্থাপনা ছিল।
আশুলিয়া থানা থেকে মাত্র ৩০০ গজ দূরে কয়েক ঘণ্টা ধরে এই দখল উৎসব চললেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। দখল-প্রক্রিয়া শুরু হওয়ার পরপরই আমিনুল ইসলামের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। এরপর একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যান। তবে তিনি কোনো ব্যবস্থা না নিয়েই চলে যান বলে আমিনুল ইসলাম অভিযোগ করেন।
আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ২০১৩ সালের নভেম্বরে ইস্টার্ন হাউজিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি ২৯ লাখ টাকার বিনিময়ে পলাশবাড়ী মৌজায় তিনি ওই ৫২ শতাংশ জমি কেনেন। এরপর ইস্টার্ন হাউজিং তাঁকে দখল বুঝিয়ে দিলে তিনি সেখানে মাটি ভরাট করে বেশ কয়েকটি আধা পাকা স্থাপনা নির্মাণ করেন। এর পর থেকে জমিটি তাঁর দখলেই ছিল।
আমিনুল ইসলামের আইনজীবী এ এস এম রহমত উল্লাহ বলেন, আমিনুল ইসলামের কাছে জমি হস্তান্তরের আগে থেকেই ওই জমি নিয়ে ইস্টার্ন হাউজিং কর্তৃপক্ষের সঙ্গে নর্দান ইয়ার্ন কর্তৃপক্ষের বিরোধ ছিল। এ নিয়ে সাভারের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা চলমান ছিল। নর্দান ইয়ার্ন মামলায় হেরে যাওয়ার পর উচ্চ আদালতে আপিল করেন। আপিলেও ইস্টার্ন হাউজিং লিমিটেডের পক্ষেই রায় বহাল রাখা হয়। পরে নর্দান ইয়ার্ন নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা করে। এরপর হাইকোর্ট মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।
আমিনুল ইসলাম অভিযোগ করেন, আদালতের আদেশ অমান্য করে নর্দান ইয়ার্ন কর্তৃপক্ষের শতাধিক লোক অস্ত্র নিয়ে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সব স্থাপনা ভেঙে জমিটি দখলে নেয়। এরপর তারা সেখানে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। বিষয়টি পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
জানতে চাইলে নর্দান ইয়ার্ন লিমিটেডের পরিচালক নাঈম হাসান প্রথম আলোকে বলেন, ‘বিরোধপূর্ণ ওই জমির মালিক নর্দান ইয়ার্ন। তাই আমরা আগে থেকেই ওই জমির দখলে ছিলাম এবং এখনো আছি। আমরা কোনো পক্ষকে উচ্ছেদ করে ওই জমি দখল করিনি।’ মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জরুরি মিটিংয়ে আছি, এ বিষয়ে পরে কথা বলব।’
জমি দখলের সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ যাওয়ার পর কোনো পক্ষ থেকে ফোন বা অভিযোগ না পাওয়ায় পরে কী হয়েছে, তা আমার জানা নেই।’