আশুলিয়ায় একজনকে গুলি করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার চারাবাগ এলাকায় গতকাল মঙ্গলবার ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট মেসার্স নবি এন্টারপ্রাইজের আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি সানোয়ার হোসেনকে গুলি করে দুর্বৃত্তরা ওই টাকা নিয়ে যায়। তবে পুলিশ দাবি করছে, গুলির ঘটনা ঘটলেও টাকা ছিনতাই হয়নি।
সানোয়ার হোসেনের ভাষ্যমতে, তিনি গতকাল আশুলিয়ার বিভিন্ন এলাকার দোকান থেকে টাকা সংগ্রহ করেন। টাকা নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে দুপুর ১২টার দিকে চারাবাগ এলাকায় রাজা মার্কেটের সামনে দুটি মোটরসাইকেলে এসে চার দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। পরে দুর্বৃত্তরা তাঁর ডান ঊরুতে গুলি করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।