আশুলিয়ায় একজনকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে ঢাকার আশুলিয়ায় দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে আবদুর রহিম (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার নয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার টাকসুর এলাকার গার্মেন্টস ডেলিম ম্যাপ ও বিশ্বাস গ্রুপের ঝুট নিয়ে পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঙ্গে যুবলীগের সভাপতি আবদুল হালিমের দ্বন্দ্ব চলে আসছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হালিম লোকজন নিয়ে ডেলিম ম্যাপে ঝুট আনতে গেলে বাধা দেন মোয়াজ্জেম। মোয়াজ্জেমের লোকজন হালিমকে মারধর করেন। এর জের ধরে বিকেল পাঁচটার দিকে নয়ারহাট এলাকায় হালিম লোকজন নিয়ে মোয়াজ্জেমের খালাতো ভাই আবদুর রহিমের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা রহিমকে গুলি করে পালিয়ে যান। স্থানীয় লোকজন রহিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবদুর রহিমের ভাই সুমন আহম্মেদ বলেন, মোয়াজ্জেম তাঁদের খালাতো ভাই। রহিম ঝুট ব্যবসা বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। নয়ারহাট বাজারে তিনি ব্যবসা করতেন। তিনি অভিযোগ করেন, রহিমকে গুলি করার সময় হালিম ও তাঁর কয়েকজন সহযোগী সেখানে উপস্থিত ছিলেন।
মোয়াজ্জেম হোসেন বলেন, ঝুট ব্যবসার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। গত ইউপি নির্বাচনে পাথালিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এ নিয়ে বর্তমান চেয়ারম্যান পারভেজ দেওয়ানের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না। এর জের ধরেই তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, ‘হালিম গতকাল সকালে ঝুট বের করতে গেলে মোয়াজ্জেমের লোকজন তাঁকে বাধা দেন। হালিম তাঁর লোকজন নিয়ে আমার কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। মোয়াজ্জেমের লোকজন সেখানে গিয়েই তাঁদের মারধর করেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে রহিম মারা যান।’
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।