আশুলিয়ায় কিশোরকে তুলে নিয়ে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় এক কিশোরকে (১৪) খেলার মাঠ থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার পুলিশ তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোর জানায়, বছর দুয়েক আগে সে একটি স্কুলে পড়ত। ওই স্কুলেই তৃতীয় শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার বন্ধুত্ব হয়। পরে সে (কিশোর) অন্য স্কুলে ভর্তি হয় এবং এরপর থেকে মেয়টির সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। দিন বিশেক আগে মেয়েটির সঙ্গে তার দেখা হলে সে কথা বলে। এটা মেয়েটির পরিবারের লোকজন দেখেন।

কিশোরটি জানায়, সে এখন অষ্টম শ্রেণিতে পড়ে। গত বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে সে স্থানীয় মাঠে খেলছিল। এ সময় দুই যুবক তাকে মাঠ থেকে ডেকে নিয়ে জোর করে মোটরসাইকেলে তুলে পাশে একটি আবাসন প্রকল্পের ভেতরে একটি ঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে মেয়েটির চাচাসহ কয়েকজন উপস্থিত ছিলেন। ওই ঘরে অন্তত চার ঘণ্টা আটকে রেখে রড ও লোহার পাইপ দিয়ে মারধর করা হয় তাকে। এ ছাড়া প্লাস দিয়ে চেপে ধরা হয় পায়ের আঙুলে। এ সময় হত্যার ভয় দেখিয়ে মেয়টির বাসা থেকে চার ভরি স্বর্ণালংকার চুরি করেছে বলেও তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়। খবর পেয়ে কিশোরের বাবা রাত নয়টার দিকে ঘটনাস্থলে গেলে তাঁকেও মারধর করা হয়। এরপর বাবা-ছেলেকে ছেড়ে দেওয়া হয়।

ছেলেটির বাবা বলেন, মেয়েটির বাবা এলাকায় প্রভাবশালী। তাঁর ছেলের ওপর নির্যাতন চালানো হলেও ভয়ে তাঁরা থানা-পুলিশকে জানাননি। এমনকি চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করেননি। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল তাঁদের বাসায় গিয়ে ছেলেটিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

তবে এ অভিযোগের বিষয়ে কথা বলতে মেয়েটির বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, গতকাল পুলিশ ছেলেটিকে হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।