আশুলিয়ায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিকী ছবি
প্রতিকী ছবি

ঢাকার আশুলিয়ায় এক কিশোরী (১৫) অপহণের পর গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরীটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এক তরুণকে আটক করেছে।

ধর্ষণের শিকার কিশোরী আশুলিয়ায় টুপি তৈরির একটি কারখানায় কাজ করে। শুক্রবার বেলা তিনটার দিকে সে বেতন আনার জন্য কারখানায় গিয়েছিল। কারখানার প্রধান ফটকের কাছে পৌঁছানোর পরপরই তিন তরুণ তার মুঠোফোন নিয়ে নেয় ও অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে জানায় ধর্ষণের শিকার কিশোরীর পরিবার।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক বলেন, স্থানীয় লোকজন আশুলিয়ার জিরানী থেকে এক কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়েছেন বলে তিনি খবর পান। ওই দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তিনি মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

কিশোরীর মা জানান, ধর্ষণকারীরা সংখ্যায় অন্তত পাঁচজন। কর্মস্থলে যাওয়া-আসার পথে তারা তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। তাঁদের ভয়ে মেয়েকে পাহারা দিয়ে কর্মস্থলে আনা-নেওয়া করা হতো।

কিশোরীটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম। তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, মেয়েটি প্রাথমিক চিকিৎসাসেবা পেয়েছে। প্রয়োজনীয় তথ্যও দিয়েছে পুলিশকে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, ধর্ষণের অভিযোগে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।