আশুলিয়ায় গুলি করে তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে দুর্বৃত্তরা গ্রামীণফোন ও রবির দুই সিম বিক্রয় প্রতিনিধিকে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রামীণফোনের সিম বিক্রয় প্রতিনিধি হাবিবুর রহমান (৩০) ও রবির সোহেল রানা (২৭) আজ শনিবার বেলা আড়াইটার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে নরসিংহপুর যাচ্ছিলেন। পথে দুটি মোটরসাইকেলে করে আসা চার দুর্বৃত্ত তাঁদের কাছে থাকা টাকার থলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁরা চিৎকার দিলে দুর্বৃত্তরা তাঁদের পিঠে গুলি করে টাকার থলে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় ব্যক্তিরা বলেন, ঘটনার পর প্রথমে তাঁদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আশুলিয়া থানা এলাকার রবির এজেন্ট ওয়াহিদুজ্জামান বলেন, দুর্বৃত্তরা দুই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে অন্তত তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।