আশুলিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ধামরাইয়ে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনা দুটি ঘটেছে গত মঙ্গলবার গভীর রাতে। আশুলিয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আশুলিয়ায় নিহত যুবকের নাম বাবুল হোসেন (৩২)। তাঁর বাড়ি টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকায়। তিনি আশুলিয়ার বাংলাবাজার এলাকায় মামাতো বোনের বাসায় থেকে অসুস্থ ভগ্নিপতির দেখভাল করতেন। ধামরাইয়ে গণপিটুনির শিকার ব্যক্তির (৪০) পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাসেল নামের এক তরুণ স্থানীয় ব্যবসায়ী মাহবুবুর রহমানের বাড়ির টিনের চাল খুলে ঘরে ঢুকে দরজা খোলার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে রাসেলকে ধরার চেষ্টা করেন বাবুল। এ সময় ধারালো ছুরি দিয়ে বাবুলের পেটে আঘাত করেন রাসেল। বাবুলের চিৎকারে তাঁর বোন আসমা বেগম (মাহবুবুরের স্ত্রী) ও ভাগনি মেহেরুন নেছার (১৩) ঘুম ভেঙে যায়। তাঁরাও রাসেলকে আটক করার চেষ্টা করেন। এ সময় রাসেল আসমার গলায় ও মেহেরুনের বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
মাহবুবুরের বড় ভাই মোতালেব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে রাসেল ও তাঁর বাবা-মা তাঁদের জমিতে বসবাস করে আসছিলেন। সেই সুবাদে রাসেল তাঁর ভাইয়ের (মাহবুবুর) বাড়িতে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতেন। আট মাস আগে তাঁর ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়লে রাসেলকে তত্ত্বাবধায়কের কাজ থেকে বাদ দেওয়া হয়। এরপর থেকে বাবুল তাঁর অসুস্থ ভাইয়ের দেখভাল করে আসছিলেন।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, বছরখানেক আগে রাসেল মাদকাসক্ত হয়ে পড়েন। এ কারণে তাঁকে বিতাড়িত করে বাবুলকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই ক্ষোভে রাসেল তাঁকে (বাবুল) হত্যার পরিকল্পনা করে থাকতে পারেন। ওসি আরও বলেন, রাসেলকে আটক করা হয়েছে।
এদিকে ধামরাই থানার পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এক ব্যক্তি ধামরাইয়ের চর ডাউটিয়া গ্রামের সাঈদুর রহমানের মুদি দোকানে ঢুকে মালামাল চুরির চেষ্টা করছিলেন। রাতে গ্রামে পাহারায় থাকা লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাঁকে আটক করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাঈদুর রহমান বলেন, কিছুদিন আগেও তাঁর দোকানে চুরি হয়েছে। এ ছাড়া গ্রামে চোরের উপদ্রব বেড়ে গেছে। এ কারণে গ্রামের লোকজন রাতে পালা করে পাহারা দেন।