আশুলিয়ায় জাল স্ট্যাম্পের কারখানা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। এ সময় কারখানা থেকে অনেক জাল স্ট্যাম্পসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার র্যা ব-৪ সাভার ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের পান্না কায়সার (৩০), সজীব মোল্লা (২৪), দেওয়ান মাসুদ রানা (৩৩) ও ঢাকার ধামরাইয়ের রাজ্জাক হোসেন (২০)।
র্যা বের সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার রাতে নয়ারহাট বাজারের রাফি ‘প্রিন্টিং প্রেস-২’ নামের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করা হয়। এ সময় নকল স্ট্যাম্প তৈরির অপরাধে রাজ্জাক ও সজীব নামে ছাপাখানার দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাপাখানার মালিক পান্না কায়সার ও তাঁর অন্যতম সহযোগী মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে নকল স্ট্যাম্প তৈরির যন্ত্রসহ সব ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।
র্যা বের হেফাজতে থাকা পান্না কায়সার বলেন, জাল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রির জন্য সারা দেশে তাঁদের লোকজন রয়েছে। ওই সব লোকের মাধ্যমে তাঁরা এসব স্ট্যাম্প ও কোর্ট ফি বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক ও ভেন্ডারদের কাছে কম মূল্যে সরবরাহ করে আসছিলেন।