আশুলিয়ায় ডাকাতের হামলায় গৃহকর্ত্রী নিহত
ঢাকার আশুলিয়ায় আজ সোমবার সন্ধ্যায় নিজ বাসায় ডাকাতের হামলায় গৃহকর্ত্রী তাহমিনা বেগম (৫০) নিহত হয়েছেন। ডাকাতেরা ওই বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারও লুট করে নিয়ে যায়।
আশুলিয়া থানার পুলিশ ও তাহমিনার পরিবার সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ছয়টার দিকে একদল ডাকাত ইউসুফ আলীর বাড়িতে হানা দেয়। ঘটনার সময় ইউসুফ আলীর স্ত্রী তাহমিনা বেগম (৫০) ও তাঁর ছেলে মাসুদুর রহমান বাসায় ছিলেন। ডাকাতেরা ঘরে ঢুকে প্রথমে তাহমিনা বেগমের মাথায় আঘাত করে। এরপর তাঁরা মা-ছেলের হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটক করে রেখে নগদ অর্থ এবং স্বর্ণালংকারসহ মুঠোফোন লুট করে পালিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাহমিনাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাহমিনার ছেলে মাসুদুর রহমান বলেন, তাঁরা নির্মাণাধীন একটি বাড়ির দ্বিতীয় তলায় থাকেন। ডাকাতেরা তাঁদের বাসায় গিয়ে কড়া নাড়লে তাঁর মা দরজা খুলে দেন। এর পরপরই ১০ থেকে ১২ জন সশস্ত্র ডাকাত তাঁদের ঘরে ঢুকে। এ সময় তাঁর মা চিৎকার দিলে ডাকাতেরা তাঁর (তাহমিনা) মাথায় মাথায় আঘাত করার পর কাপড় দিয়ে শ্বাসরোধ করেন। এরপর তাঁদের দুজনের হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটক করে রেখে সিন্দুক ও আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে ডাকাতেরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লুট হওয়া মালামাল উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।