আশুলিয়ায় দুই জনকে গুলি করে টাকা ছিনতাই
ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় গতকাল শনিবার দুর্বৃত্তরা দুজনকে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুঠোফোন কোম্পানি রবির সিম বিক্রয় প্রতিনিধি সোহেল রানা (২৭) ও গ্রামীণফোনের হাবিবুর রহমান (৩০) গতকাল আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে নরসিংহপুর যাচ্ছিলেন। পথে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন তাঁদের কাছে থাকা টাকার থলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাঁরা চিৎকার দিলে দুর্বৃত্তরা তাঁদের পিঠে গুলি করে থলে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় ব্যক্তিরা জানান, ঘটনার পর প্রথমে দুজনকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আশুলিয়া থানা এলাকার মুঠোফোন কোম্পানি রবির এজেন্ট ওয়াহিদুজ্জামান বলেন, দুর্বৃত্তরা দুই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে অন্তত তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।