আশুলিয়ায় ধর্ষণের পর শিশুকে হত্যা!
ঢাকার আশুলিয়ায় ধর্ষণের শিকার হয়ে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার আশুলিয়ার জামগড়া পূর্বপাড়া রূপায়ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আঁখি আক্তার (৪)। ধর্ষণ ও হত্যার অভিযোগে সাইম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আঁখির বাবা ইমরান মল্লিক এ ঘটনায় মামলা করেছেন।
আশুলিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান মল্লিক রিকশাচালক। তাঁর স্ত্রী সাথী আক্তার পোশাকশ্রমিক। সোমবার সকালে মেয়েকে দাদির কাছে রেখে তাঁরা কাজে যান। বেলা দেড়টার দিকে তাঁরা জানতে পারেন যে তাঁদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে তাঁরা বাসায় ফিরে আঁখিকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকেরা আঁখিকে মৃত ঘোষণা করেন। আঁখির বাবা ইমরান মল্লিক ধর্ষণ ও হত্যার অভিযোগে আজ মঙ্গলবার প্রতিবেশী সাইমের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন।
ইমরান মল্লিক বলেন, সাইম ও তাঁরা পাশাপাশি দুই কক্ষে বসবাস করেন। সাইমের মেয়ে তানজিনা তাঁর মেয়ে আঁখির খেলার সাথী। গত সোমবার দুপুরে বাসায় ফিরে খাবার খেয়ে বেলা একটার দিকে স্ত্রী সাথী আক্তারকে নিয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। সাইম তখন বাসায় ছিলেন। এর কিছু সময় পরে তানজিনা তাঁর মাকে জানান আঁখি তাদের ঘরের সামনে পড়ে আছে। এরপর থেকে তাঁর মেয়ের অবস্থার অবনতি ঘটতে থাকলে তাঁদের জানানো হয়।
ইমরান মল্লিকের অভিযোগ, ‘ধর্ষণের কারণে আমার মেয়ে মারা গেছে বলে নারী ও শিশুকেন্দ্র হাসপাতালের চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন।’
তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সাইম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছুই জানি না।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা অহিদ মিয়া বলেন, খবর পেয়ে সোমবার রাতেই সাইমকে আটক করা হয়। আঁখির বাবার দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। শুনানি শেষে আদালত তাঁকে তিন রিমান্ডে দিয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।