আশুলিয়ায় নারী শ্রমিক ও শিবালয়ে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার গৌরীপুর এলাকায় গত সোমবার রাতে এক পোশাকশ্রমিককে তাঁর স্বামী ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ট্রাকের মালিককে হত্যা করা হয়েছে।
আশুলিয়ায় নিহত পোশাকশ্রমিকের নাম মৌসুমি বেগম (২২)। তিনি নওগাঁর মান্দা উপজেলার বইলশিং গ্রামের ফজলুর রহমানের মেয়ে। তাঁর স্বামী সাদ্দাম হোসেন অটোরিকশা চালান। শিবালয়ে নিহত ব্যক্তির নাম আবদুল মজিদ (৫৪)। তাঁর বাড়ি আশুলিয়ার খেরুয়া এলাকায়। তিনি পেশায় ট্রাক ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, চার বছর আগে সাদ্দামের সঙ্গে মৌসুমির বিয়ে হয়। এর বছর খানেক পর থেকে মৌসুমির কাছে সাদ্দাম নানা কারণে টাকা চাইতেন। চাহিদামতো টাকা দিতে না পারায় উভয়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। এর জের ধরে সাদ্দাম মাঝেমধ্যেই মৌসুমিকে মারধর করতেন।
মৌসুমির মা রাশেদা বেগম বলেন, সোমবার রাত নয়টার দিকে মেয়েকে নিয়ে তিনি বাজারে যাচ্ছিলেন। বাসা থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর সাদ্দাম পেছন দিক থেকে এসে মৌসুমিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথেই মৌসুমি মারা যান। এ ঘটনায় তিনি মামলা করেছেন।
আশুলিয়া এসআই বাবুল শরীফ বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে পারিবারিক কলহের জের ধরে সাদ্দাম তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। সাদ্দাম পলাতক রয়েছেন।
এদিকে শিবালয় থানা-পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে ট্রাকের চালক জহির উদ্দিন ও অজ্ঞাতপরিচয় সহকারী সাভারের পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বৈদ্যুতিক মালামাল ট্রাকে করে নিয়ে গোপালগঞ্জের দিকে রওনা দেন। আবদুল মজিদও ট্রাকে ছিলেন। রাত আড়াইটার দিকে জহির মজিদের বাড়িতে মুঠোফোনে জানান, মজিদ অসুস্থ। শিবালয়ের উথলী বাসস্ট্যান্ড এলাকায় তিনি ট্রাকের ভেতরে আছেন। ভোর সাড়ে চারটার দিকে মজিদের ছেলে রাজীব হোসেনসহ পরিবারের সদস্যরা ব্যক্তিগত গাড়ি নিয়ে উথলী যান। তাঁরা ট্রাকের চালকের আসনের পাশে মজিদকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল ওই হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান বলেন, নিহত ব্যক্তির মাথার সামনের ডান পাশে গুরুতর ক্ষত ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। মাথায় রক্ত জমাট বাঁধার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
রাজীব হোসেন বলেন, সম্প্রতি ভাড়া নিয়ে তাঁর বাবার সঙ্গে ট্রাকের চালকের কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে জহির ও তাঁর সহকারী বাবাকে খুন করে পালিয়ে গেছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন।