আশুলিয়ায় পুলিশের সঙ্গে গুলিবিনিময়, অস্ত্রসহ আটক ৫
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার আউকপাড়া এলাকায় গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনায় পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, সাতটি গুলিসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম (৪৫), জাহাঙ্গীর আলম (২৮), আনিছুর রহমান (৩৯), জসিম মাস্টার (৪৬) ও আবুল হোসেন (৪৫)।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, আউকপাড়া এলাকার একটি চক্র বেশ কিছুদিন ধরে অস্ত্রের ব্যবসা করে আসছে বলে তাদের কাছে খবর ছিল। এমন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে পুলিশ তাদের সঙ্গে সখ্য গড়ে তোলে। এরপর অস্ত্র কেনার ফাঁদ পাতে পুলিশ।
ডিবির পরিদর্শক শাহিন শাহ পারভেজ বলেন, অস্ত্র ব্যবসায়ীদের কথামতো ডিবি পুলিশের একটি দল মোটরসাইকেলে করে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আউকপাড়া আদর্শ গ্রাম প্লট মালিক সমবায় সমিতির কার্যালয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা ডিবির ছদ্মবেশী এক কর্মকর্তাকে চিনে ফেললে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালালে দুই পক্ষে গুলিবিনিময় হয়। এ সময় আশুলিয়া ও ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ আহত হন। একপর্যায়ে ডিবি ও আশুলিয়া থানার পুলিশের একটি দল এলাকাটি ঘিরে ফেলে অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসপি রাসেল শেখ বলেন, আটক ব্যক্তিরা অস্ত্র ব্যবসার পাশাপাশি এলাকায় জমি দখল থেকে শুরু করে নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ কর্মকর্তা নিজে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান।