আশুলিয়ায় পোশাক কারখানার ২৩ লাখ টাকা ছিনতাই
ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে একটি পোশাক কারখানার ২৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। শত শত শ্রমিকের সামনে দুর্বৃত্তরা ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়িয়ে টাকা নিয়ে সটকে পড়ে।
আশুলিয়া থানা-পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া এলাকার ওর্ডিন্যাল ফ্যাশনস লিমিটেডের বাণিজ্যিক কর্মকর্তা সাঈদুর রহমান ও হিসাবরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহাম্মেদ গতকাল দুপুরে শ্রমিকদের বেতনের টাকা তুলতে ডাচ্-বাংলা ব্যাংকের জিরাবর শাখায় যান। সেখান থেকে ২৩ লাখ টাকা তুলে ব্যক্তিগত গাড়িতে তাঁরা কারখানায় ফিরছিলেন। বেলা দুইটার দিকে গাড়িটি আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত এসে গাড়িটির গতি রোধ করে। এরপর ফাঁকা গুলি করে টাকার ব্যাগ নিয়ে দ্রুত সটকে পড়ে।
সাঈদুর রহমান বলেন, ঘটনার সময় শ্রমিকেরা দুপুরের খাবারের বিরতির পর কারখানায় ফিরছিলেন। শ্রমিকদের কারণে গাড়ির গতি কমানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে গাড়ির গতি রোধ করে। এ সময় তাদের একজন ফাঁকা গুলি করে আর অন্যরা অস্ত্রের মুখে ভেতরে থাকা দুজনকে গাড়ির দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলার পর পরই তাঁরা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।