আশুলিয়ায় পোশাকশ্রমিক, কেরানীগঞ্জে মাছ বিক্রেতা খুন
ঢাকার অদূরে আশুলিয়ায় উজ্জ্বল মোল্লা (৩৫) নামের এক পোশাকশ্রমিক ও কেরানীগঞ্জে মোহাম্মদ আলী (৪০) নামের এক মাছ বিক্রেতাকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল শনিবার উজ্জ্বলের লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে গুরুতর আহতাবস্থায় মোহাম্মদকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, উজ্জ্বল মাগুরার শ্রীপুর উপজেলার চণ্ডীখালী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং আশুলিয়ার হা-মীম গ্রুপের শ্রমিক। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি একই থানার নরসিংহপুর এলাকায় থাকতেন। গতকাল সকাল নয়টার দিকে বেরন এলাকার ইস্টার্ন হাউজিংয়ের পাশের একটি মাঠে উজ্জ্বলের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের অন্তত ২২টি আঘাতের চিহ্ন ছিল।
নিহতের স্ত্রী তাসলিমা বেগম বলেন, কারখানা বন্ধ থাকায় গত শুক্রবার বিকেলে তাঁর স্বামী বেড়াতে বের হন। এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী একটি হত্যা মামলা করেছেন।
এদিকে গতকাল বেলা তিনটায় কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল এলাকায় সন্ত্রাসীরা মোহাম্মদ নামের এক মাছ বিক্রেতাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়। এলাকাবাসী গুরুতর আহত মাছ বিক্রেতাকে দ্রুত উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠায়। মোহাম্মদ কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার আরব আলীর ছেলে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, মোহাম্মদ আলী মাদকসেবী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।