আশুলিয়ায় ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় তেলের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার একটি ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছে।

আশুলিয়া থানার পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার জামগড়া এলাকার ইশা ফিলিং স্টেশনে তেলের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর গত ৩ জানুয়ারি পুলিশ ওই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে তেলের সঙ্গে পানি মেশানোর সত্যতা পায়। পরে এ ব্যাপারে আরও নিশ্চিত হতে পুলিশ ওই ফিলিং স্টেশন থেকে পেট্রল, ডিজেল ও অকটেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিস্ফোরক অধিদপ্তরে পাঠায়। নমুনা পরীক্ষা করে বিস্ফোরক অধিদপ্তর তেলের সঙ্গে পানি মেশানোর প্রমাণ
পায়। এ বিষয়ে ৪ এপ্রিল বিস্ফোরক অধিদপ্তর থেকে আশুলিয়া থানায় একটি প্রতিবেদন পাঠানো হয়।

প্রতিবেদন পাওয়ার পর থানা থেকে বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল গতকাল ওই ফিলিং স্টেশনে অভিযান চালান। এ সময় তিনি তেলের সঙ্গে পানি মেশানোর অপরাধে ফিলিং স্টেশনটিকে দুই লাখ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে যোগাযোগ করলে  ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার আইচ তেলের সঙ্গে পানি মেশানোর কথা স্বীকার করেন এবং ভবিষ্যতে আর এমন হবে না বলে জানান।