আশুলিয়ায় বাসিন্দাদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার দোসাইদ গ্রামে অবৈধ গ্যাসলাইন বিস্ফোরিত হয়ে তিনজনের দগ্ধ হওয়ার ঘটনায় তিতাসের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় এলাকার দুই শতাধিক বাসিন্দাকে আসামি করা হয়। এঁরা সবাই অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছিলেন বলে মামলায় বলা হয়।
গত সোমবার রাত সোয়া নয়টার দিকে সাঙ্গো টেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক আপন, কামাল হোসেন ও আনোয়ারুল ইসলাম কারখানার সামনে ধূমপান করছিলেন। একপর্যায়ে সিগারেটের অবশিষ্ট অংশ ফেলার পরপরই বিকট শব্দে গ্যাসের লাইনে আগুন ধরে যায়। এতে তাঁরা দগ্ধ হন।
তিন শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনায় তিতাসের পক্ষ থেকে মঙ্গলবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। ওই দিন রাতেই সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন বিভাগের ব্যবস্থাপক সত্যজিৎ ঘোষ আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় দোসাইদ গ্রামের মোশাররফ হোসেন ও চাঁন মিয়াসহ ২০০ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
এজাহারে বলা হয়, আসামিরা সাঙ্গো টেক্সের সামনে তিতাসের উচ্চ চাপবিশিষ্ট বিতরণ লাইন থেকে অবৈধভাবে ত্রুটিযুক্ত সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছিলেন। লাইনে ত্রুটির কারণেই অগ্নিকাণ্ড ঘটে ও তিনজন শ্রমিক দগ্ধ হন।