আশুলিয়ায় বাসে ও সাভারে বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় গত রোববার রাতে একটি বাসে এবং সাভারে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।
আশুলিয়া থানার পুলিশ জানায়, গত রোববার রাত আটটার দিকে শান্তি পরিবহনের একটি বাস আশুলিয়ার বাইপাইল থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়। ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড অতিক্রম করে সাভার গলফ ক্লাবের সামনে দুটি মোটরসাইকেল ও একটি লেগুনা দিয়ে ডাকাতেরা বাসটির পথরোধ করে। এ সময় ডাকাতেরা বাসে উঠে অস্ত্রের মুখে বাসের চালক ও যাত্রীদের জিম্মি করে তাঁদের হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা বাসের নিয়ন্ত্রণ নিয়ে বাসটিকে সাভারের আমিনবাজার এলাকায় নিয়ে যায়। এরপর যাত্রীদের অর্থ ও স্বর্ণালংকার লুটে তাদের আশুলিয়ার জিরানি এলাকায় নামিয়ে দেয়।
বাসের যাত্রী নিপুণ চাকমা বলেন, বাসটিতে ১০ জনের মতো যাত্রী ছিলেন। সবার খাগড়াছড়ি ও রাঙামাটি যাওয়ার কথা ছিল। তাঁর বাড়ি রাঙামাটির বাঘাইছড়িতে। তিনি বলেন, ডাকাতেরা তাঁর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা লুট করে। এ ঘটনায় তিনি গতকাল সোমবার আশুলিয়া থানায় মামলা করেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, জিজ্ঞাসাবাদের জন্য বাসের তত্ত্বাবধায়কসহ দুজনকে আটক করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাভার থানার পুলিশ জানায়, গত রোববার গভীর রাতে ডাকাতেরা সাভারের গেন্ডা এলাকায় অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুকের বাসায় দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর ডাকাতেরা আলমারি ভেঙে স্বর্ণালংকার, ২০ হাজার টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে।
ওমর ফারুক বলেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। স্ত্রীকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ ঘটনায় তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করবেন।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, ‘ডাকাতি নয়, ফারুকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’