আশুলিয়ায় মুক্তিপণ দিয়ে ব্যাংক ব্যবস্থাপক মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ব্যাংক আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) শাখার ব্যবস্থাপক আখতারুজ্জামানকে (৫৫) অপহরণের পর তিন লাখ টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে এ ঘটনার শিকার হন তিনি।
আখতারুজ্জামান বলেন, সোমবার কাজ শেষে রাত আটটার দিকে তিনি ব্যাংক থেকে বের হন। এরপর তিনি উত্তরায় তাঁর বাসায় যাওয়ার জন্য ব্যাংকের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। রাত সাড়ে আটটার দিকে কয়েক শ লোকের উপস্থিতিতে দুই লোক পিস্তল ঠেকিয়ে তাঁকে একটি বাসে তুলে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। গাজীপুরের কালিয়াকৈরের দিক থেকে আসা ওই বাসে আরও ১০ থেকে ১২ জন লোক ছিল, এদের সবাই অপহরণকারী চক্রের সদস্য।
অপহরণের পরপরই দুর্বৃত্তরা তাঁর পকেটে থাকা ২৫ হাজার টাকা আর দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এরপর তারা আরও টাকার জন্য তাঁকে মারপিট করতে থাকে। একপর্যায়ে হত্যার হুমকি দিয়ে তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে আবারও মারপিটের পর শ্বাসরোধে হত্যার চেষ্টা করে ভয় দেখানো হয়। এ পর্যায়ে তিনি এক লাখ টাকা দিতে সম্মত হলে দুর্বৃত্তরা তাঁর এটিএম কার্ডসহ এক লাখ টাকার বিনিময়ে ছেড়ে দিতে রাজি হয়। এরপর তিনি মুঠোফোনে তাঁর স্ত্রীকে এটিএম কার্ড ও এক লাখ টাকা দেওয়ার কথা বললে তাঁর ওপর নির্যাতন বন্ধ করা হয়।
রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা তাঁর বাসায় লোক পাঠিয়ে এটিএম কার্ড ও এক লাখ টাকা নিয়ে আসে। এরপর ওই এটিএম কার্ড দিয়ে দুর্বৃত্তরা কয়েক দফায় ব্যাংকে থাকা তাঁর দেড় লাখ টাকা তুলে নেয়। পরে গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে চোখ বাধা অবস্থায় গাজীপুরের চন্দ্রা এলাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি সেখান থেকে বাসযোগে বাসায় চলে যান।
বাসায় যাওয়ার পর তিনি বিষয়টি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালকে অবহিত করেছেন। সুস্থ হওয়ার পর তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ করবেন।
দিন বিশেক আগেও ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে সাভারের সীমা জেনারেল হাসপাতালের বিপণন কর্মকর্তা কে এম শাহেদসহ তিনজনকে একই কায়দায় অপহরণ করে নিয়ে কয়েক লাখ টাকা মুক্তিপণ আদায় করে রাজধানীর উত্তরা এলাকায় ছেড়ে দেয়।
ওসি মোস্তফা কামাল বলেন, ঈদ সামনে রেখে একটি চক্র সড়ক-মহাসড়কে অপহরণ করে টাকা আদায়ে সক্রিয় হয়ে উঠেছে। এদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।