আশুলিয়ায় শিশু গৃহকর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকায় গত মঙ্গলবার রাতে এক শিশু গৃহকর্মী গুলিবিদ্ধ হয়েছে। তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ গৃহকর্মীর নাম মো. লাদেন (১৪)। সে গাজীরচট এলাকার ব্যবসায়ী এ আর মন্টুর বাসায় কাজ করে।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাদেন জানায়, গত মঙ্গলবার রাত নয়টার দিকে গৃহকর্তা এ আর মন্টুর ছেলে তার সমবয়সী মিথুনকে নিয়ে বাসার অদূরে একটি মসজিদে নামাজ পড়ে বাসায় ফিরছিল। এ সময় এক তরুণ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি তার গলায় বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তার আর কিছু মনে নেই।

মুঠোফোন বন্ধ থাকায় এ আর মন্টুর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর জামাতা রাকিবুল ইসলাম বলেন, ঝুট ও কেব্‌ল ব্যবসা নিয়ে এলাকায় তাঁর শ্বশুরের (মন্টু) সঙ্গে কিছু লোকের বিরোধ আছে। তারা দীর্ঘদিন ধরে তাঁর শ্বশুর ও শ্যালককে হত্যার হুমকি দিয়ে আসছিল। সম্ভবত ওই বিরোধের জের ধরেই প্রতিপক্ষের কেউ তাঁর শ্যালককে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাদেনের শরীরে লাগে। এ সময় মিথুন দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায়। তিনি বলেন, ঘটনার পর এলাকার লোকজন লাদেনকে উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করেন।

হাসপাতালের অস্ত্রোপচারকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, গুলি লাদেনের শ্বাসনালির পাশে বিদ্ধ হয়। এ কারণে সে প্রাণে বেঁচে যায়। রাতেই অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। সে শঙ্কামুক্ত।

আশুলিয়া থানার পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা কেউ গুলি ছুড়ে পালিয়ে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।