আশুলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১
ঢাকার আশুলিয়ায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বদিউজ্জামান (৩৫) নামের একজন আচার বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
আজ রোববার শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তার বাবা বাসচালক।
আশুলিয়া থানার পুলিশ ও ধর্ষণের শিকার শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির পরিবার ও গ্রেপ্তার বদিউজ্জামান পাশাপাশি কক্ষে থাকতেন। গত শুক্রবার বেলা দুইটার দিকে আচার খাওয়ার লোভ দেখিয়ে বদিউজ্জামান শিশুটিকে তাঁর ঘরে ডেকে নিয়ে যান। এরপর তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেন তিনি। ভয়ের কারণে ওই শিশু ঘটনাটি তার মা-বাবার কাছে বলেনি। আজ শিশুটির শারীরিক অবস্থা দেখে সন্দেহ হয় তার মায়ের। পরে মা জানতে চাইলে শিশুটি সব খুলে বলে। এ ঘটনায় আজ শিশুটির মা আশুলিয়া থানায় বদিউজ্জামানকে আসামি করে মামলা করেন। এরপরই পুলিশ বদিউজ্জামানকে গ্রেপ্তার করে।
শিশুটির মা বলেন, তাঁর মেয়ে ভয়ে বিষয়টি চেপে গিয়েছিল। তবে শারীরিক অবস্থা দেখে তিনি বিষয়টি বুঝতে পেরেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে মামলা করা হয়েছে। এরপরই বদিউজ্জামানকে গ্রেপ্তার করা হয়।