আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন
ঢাকার আশুলিয়ার মুজার মিল এলাকার মাস্ট নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছেন। আশুলিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে ঈদের আগে চলতি মাসের বেতন, ঈদের বোনাস পরিশোধসহ ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়।
গতকাল সকাল থেকেই শ্রমিকেরা আশুলিয়া প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে তাঁরা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন। তাঁদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জানানো হয়, ২৩ আগস্ট শ্রমিকদের একটি দল কারখানার মালিকপক্ষের সঙ্গে দেখা করে ঈদ বোনাস ও চলতি মাসের বেতন পরিশোধের দাবি জানায়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা সাইদুল নামের এক শ্রমিককে মারধর করে। এরপর ৫৭ জন শ্রমিকের হাজিরা কার্ড রেখে তাঁদের কারখানা থেকে বের করে দেওয়া হয়। এরপর আর তাঁদের কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। গত রোববার তাঁরা কারখানার ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
ছাঁটাই হওয়া শ্রমিক রুমা, আসিয়া ও সামসুন্নাহার বলেন, ঈদের আগে তাঁদের বোনাস ও বেতন পরিশোধ না করে কারখানা থেকে বের করে দেওয়ায় তাঁরা চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। অর্থের অভাবে এবার তাঁদের পরিজনের সঙ্গে ঈদ করা হবে না।
সমাবেশে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাশ বলেন, ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধ না করে অর্ধশতাধিক শ্রমিককে কারখানা থেকে বের করে দিয়ে মালিকপক্ষ অমানবিক কাজ করেছে। এখন তাঁদের বাড়ি বাড়ি পুলিশ ও সন্ত্রাসী পাঠিয়ে হয়রানি করা হচ্ছে।
সংগঠনের সাভার-আশুলিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, শ্রমিকেরা ন্যায্য পাওনা দাবি করায় অন্যায়ভাবে তাঁদের ছাঁটাই করা হয়েছে। ঈদের আগে তাঁদের পাওনা পরিশোধের পাশাপাশি চাকরিতে পুনর্বহাল না করা হলে দাবি আদায়ে কঠিন কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে কথা বলতে গতকাল দুপুরে মাস্ট নিটওয়্যার লিমিটেডের কারখানায় গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে ভেতরে ঢুকতে চাইলে এই প্রতিবেদককে আটকে দেওয়া হয়।