আশুলিয়ায় শ্রমিকের লাশ উদ্ধার, উত্তেজনা
ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি পোশাক কারখানা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে।
ওই শ্রমিকের নাম মোমিনুল ইসলাম (২৭)। তিনি সোনিয়া সোয়েটার নামের একটি কারখানায় চাকরি করতেন। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই পশ্চিমপাড়া গ্রামে।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মোমিনের মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। মোমিনুলের পরিবার বলছে, ঘটনাটি রহস্যজনক।
আশুলিয়া থানার পুলিশ জানায়, মোমিনুল বুধবার সকাল আটটার দিকে কর্মস্থলে যান। বিকেল পাঁচটায় কারখানা ছুটির পর তিনি আর বাসায় ফেরেননি। গতকাল সকাল আটটার দিকে কারখানার পাঁচতলার নিটিং বিভাগে ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলতে দেখে কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করার চেষ্টা করেন। এ ঘটনায় গতকাল কারখানা ছুটি ঘোষণা করা হয়।
কারখানার শ্রমিক হজরত আলী বলেন, মোমিনুলসহ তাঁরা চারজন কারখানার পেছনের একটি বাসায় ভাড়া থাকতেন। কাজও করতেন একসঙ্গে পাঁচতলার নিটিং বিভাগে। বুধবার সকাল আটটার দিকে মোমিনসহ তাঁরা একসঙ্গে কর্মস্থলে যান। বিকেল পাঁচটায় কারখানা ছুটির পর তাঁদের দুজন বাসায় চলে যান। আর তিনি ও মোমিনুল কারখানার ছয়তলায় একসঙ্গে নামাজ পড়েন। এরপর তিনি মোমিনুলকে রেখে কারখানা থেকে বের হয়ে বাসায় চলে যান। এরপর তিনি (মোমিনুল) বাসায় ফেরেননি। হজরত আলী বলেন, রাত
নয়টা পর্যন্ত মোমিনুল বাসায় না ফেরায় তাঁর (মোমিনুল) বড় ভাই মজনু মিয়ার সঙ্গে তাঁরা মুঠোফোনে যোগাযোগ করেন। কিন্তু তাঁর ভাইও কোনো তথ্য দিতে পরেননি।
মজনুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি। তবে তাঁর বোন রেশমা ভাইয়ের মৃত্যুর কারণ রহস্যজনক বলে দাবি করেন।
গতকাল দুপুর ১২টার দিকে কারখানায় গেলে নিরাপত্তা কর্মকর্তা আবুল বাশারের বাধায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি। বাশার বলেন, মোমিন কীভাবে মারা গেছেন, তা দেখার জন্য পুলিশ রয়েছে। তা ছাড়া সাংবাদিকদের ভেতরে প্রবেশে কর্তৃপক্ষের মানা আছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, আপাতত অপমৃত্যুর মামলা রুজু করা হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।