আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে সোমবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

আশুলিয়ায় নিহত দম্পতি হলেন সোহেল রানা (২৮) ও শিখা আক্তার (২০)। সোহেল মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের আবদুর রউফের ছেলে। শিখা একই গ্রামের বজলুর রহমানের মেয়ে। বছর পাঁচেক আগে তাঁদের বিয়ে হয়।

আশুলিয়া থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বছর তিনেক আগে স্ত্রী শিখাকে নিয়ে আশুলিয়ায় আসেন সোহেল। শিখা একটি পোশাক কারখানায় চাকরি নেন। আর সোহেল সিঙ্গাপুর যান। সেখানে চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে তিনি ১৫ দিন পর দেশে ফেরেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। কলহের জের ধরে সোহেল প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আহাদ আলী বলেন, গতকাল সকাল ১০টার দিকে ঘরের দরজা বন্ধ করে সোহেল স্ত্রী শিখাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর সোহেল গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। এর আগে তিনি শাশুড়ি আঞ্জিরা খাতুনের মুঠোফোনে ফোন দিয়ে শিখার মৃত্যুর খবর জানান এবং নিজে আত্মহত্যা করছেন বলে জানান।

সোহেলের খালা পারুল বেগম বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শিখার বাবা বজলুর রহমান মুঠোফোনে তাঁকে (পারুল) বিষয়টি জানান। এরপর তিনি বেলা দেড়টার দিকে ওই বাড়িতে যান। এ সময় তিনি কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ পান। এরপর ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে তিনি ভেতরে ঢোকেন। এ সময় তিনি ঘরের আড়ার সঙ্গে সোহেলের লাশ ঝুলতে দেখেন। আর শিখার লাশ মেঝেতে পড়ে ছিল। বিষয়টি তিনি আশুলিয়া থানার পুলিশকে জানান। পারুল আশুলিয়া এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ভূঁইয়া। তিনি উপজেলার সাওঘাট গ্রামের মৃত মোতালিব ভূঁইয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোতালিব ভূঁইয়া মারা যাওয়ার পর থেকে রূপগঞ্জের ভুলতার নূর ম্যানশন মার্কেটের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের দেখভাল করছিলেন তাঁর ছেলে জাহাঙ্গীর, আলমগীর ও তানভীর। তবে আলমগীর দেশের বাইরে থাকায় অন্য দুই ভাই প্রতিষ্ঠানটি দেখাশোনা করছিলেন। এরই মধ্যে তানভীর মাদকাসক্ত হয়ে পড়েন। সম্প্রতি ব্যবসাপ্রতিষ্ঠানে তানভীরের আসা বন্ধ করে দেন জাহাঙ্গীর। এ নিয়ে সোমবার রাতে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীরের বুকে সজোরে ঘুষি মারেন তানভীর। এতে জাহাঙ্গীর লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানাধীন ভুলতা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।