আশুলিয়ায় হামলায় সওজ কর্মকর্তা-সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবৈধভাবে দখল করা’ জমি মাপতে গিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দুই কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। এ সময় তাঁদের রক্ষায় এগিয়ে গেলে কয়েকজন গণমাধ্যমকর্মীকেও পিটিয়ে আহত করা হয়। গতকাল বৃহস্পতিবার ঢাকার আশুলিয়ার গণকবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

সওজ ধামরাইয়ের নয়ারহাট উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে গণকবাড়ী মৌজায় সওজের প্রায় নয় বিঘা জমি আছে। একই এলাকার ওমর আলী নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। তিনি সেখানে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করে তা ভাড়া দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে সওজ জমি উদ্ধারের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে নয়ারহাট উপবিভাগের উপসহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম ও সার্ভেয়ার (জরিপকারী) আরিফুর রহমান গতকাল দুপুর ১২টার দিকে ওই জমি পরিমাপ করতে যান। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে যান।

 সার্ভেয়ার আরিফুর প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে জমি মাপজোখ শুরু করার পরপরই ওমর আলীরনেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লাঠিসোঁটা নিয়ে হাজির হয়। প্রথমে তাঁদের কিল-ঘুষি ও লাথি মারা হয়। একপর্যায়ে হামলাকারীরা লাঠি দিয়ে তাঁদের আঘাত করে। এ সময় তাঁদের রক্ষায় গণমাধ্যমের কর্মীরা এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।

হামলায় দৈনিক বণিক বার্তার সাভার প্রতিনিধি খোকা মুহাম্মদ চৌধুরী, দেশ টেলিভিশনের সাভার প্রতিনিধি শাহীনুর রহমান, দৈনিক যুগান্তর-এর আশুলিয়া প্রতিনিধি মেহেদি হাসান, পাঞ্জেরীর আবুল হায়াতসহ আরও কয়েকজন সাংবাদিক আহত হন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় খোকা মুহাম্মদকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

খোকা মুহাম্মদ বলেন, তিনি দুই পা, কান ও মাথায় আঘাত পেয়েছেন।

জানতে চাইলে ওমর আলী বলেন, ওই জমি তাঁর নিজের। তবে হামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।