আশুলিয়ায় হোটেলে বিস্ফোরণে আহত ৪
ঢাকার অদূরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় খাবারের একটি হোটেলে বিস্ফোরণে চার কর্মী আহত হয়েছেন। হোটেলটি ওই এলাকায় ইব্রাহীমের হোটেল নামে পরিচিত। আজ সোমবার সকাল সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।
আহত চারজন হলেন সম্রাট ওরফে সমীর, বিল্লাল হোসেন, জয়নাল ও সৈকত। এঁদের মধ্যে সম্রাটের বাঁ হাতের কবজি ও ডান হাতের আঙুল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তাঁর পেটেও এক জায়গায় ছিদ্র হয়ে নাড়ি বেরিয়ে আসে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বিল্লালের হাতে ও পায়ে আঘাত লেগেছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। জয়নাল ও সৈকতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হোটেলের মালিক ইব্রাহিম মিয়া প্রথম আলোকে বলেন, সকালে তিনি বাসায় ছিলেন। অন্যদের কাছ থেকে শুনেছেন হোটেলের কোনায় ময়লার স্তূপের মধ্যে স্কচটেপে মোড়ানো কৌটার মতো গোল একটি বস্তু পাওয়া যায়। একজন ওই বস্তুটিকে ঝাঁকি দিয়ে স্কচটেপ খুলতে গেলে এ বিস্ফোরণ ঘটে।
আহত বিল্লাল ও জয়নাল বলেন, তাঁরা পরোটা ভাজছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়ে হোটেল ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীনুল কাদির (ওসি) বলেন, ওই চার কর্মী হোটেলেই থাকেন। সকালে তাঁরা উঠে হোটেল ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলো এক জায়গায় জড়ো করেন। হঠাৎ সেখানে একটি কৌটা পেয়ে একজন দেখতে নিয়ে আসেন। আরেকজন তাঁকে খুলতে নিষেধ করেন। কিন্তু আচমকাই এটি বিস্ফোরিত হয়। ওসি বলেন, আহত ব্যক্তিদের জখম দেখে ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে ককটেল-জাতীয় বিস্ফোরক বস্তু খুলতে গিয়ে এ বিস্ফোরণ ঘটেছে।
এনাম মেডিকেলের অস্ত্রোপচার কক্ষের ইনচার্জ নাছির হোসেন বলেন, সম্ভবত হাতেই বিস্ফোরণ ঘটেছে।
ঘটনার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এই আলামত ঢাকার সিআইডি কার্যালয়ে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পল্লী বিদ্যুৎ এলাকায় ‘আমার স্কুল’এর পাশে টিনের চালা দেওয়া ছোট্ট এই হোটেলটি বাইরে থেকে শাটার লাগানো। এমনকি আশপাশের সব দোকানও বন্ধ।
পাশের এক দোকানের মালিক হাশেম বলেন, ‘কেউ কিছু ছুড়ে মেরেছে, এ রকম কোনো কিছু দেখি নাই।’