আশ্রয়ণকেন্দ্রের জায়গা দখল করে দোকানঘর

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা আশ্রয়ণকেন্দ্রের জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের নিষেধ সত্ত্বেও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সেখানে দোকানঘর নির্মাণ করছেন।
স্থানীয় লোকজন ও আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দারা অভিযোগ করেন, গত সপ্তাহে আশ্রয়ণকেন্দ্রের জমিতে স্থানীয় নজরুল ইসলাম মোল্যা ও তাঁর ছোট ভাই টিনের ঘর নির্মাণের কাজ শুরু করেন। তাঁদের নির্মাণাধীন দোকানঘরের পাশে আরও কয়েকজন বাঁশের বেড়া দিয়ে জমি দখল করে রেখেছেন। নজরুল মোল্যা রাজবাড়ী রেলওয়ে স্টেশনের কর্মচারী।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, তেনাপচা আশ্রয়ণকেন্দ্র-সংলগ্ন বাঘাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে প্রায় ৩০ ফুট জায়গা দখল করে একটি টিনের ঘর তৈরির কাজ চলছে। কয়েকজন শ্রমিক ঘরে মাটি ফেলছেন। আরও কয়েকজন বাঁশের বেড়া তৈরি করছেন। ওই ঘরের পাশের প্রায় ৩০০ মিটার জমিতে বাঁশের খুঁটি পুঁতে রাখা হয়েছে। নজরুল মোল্যা বলেন, ‘নদীভাঙনের কারণে বাঘাবাড়ি থেকে বিদ্যালয়টি এখানে আনা হয়েছে। কিন্তু জায়গার অভাবে ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ১০ শতাংশ জমি দিতে চেয়েছি। বিনিময়ে দোকানঘর নির্মাণ করছি। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে।’
বাঘাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক জানান, বিদ্যালয়টি আশ্রয়ণকেন্দ্রের জায়গার ওপর নির্মিত। দোকানঘর নির্মাণের ব্যাপারে কারও সঙ্গে আলোচনা হয়নি। তবে গত রোববার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতর আলী সরদার ঘটনাস্থলে এসে বিদ্যালয়ে জায়গা দেওয়ার বিনিময়ে একটি পক্ষকে দোকানঘর তোলার অনুমতি দেন।
ঘর তোলার অনুমতি দেওয়ার কথা স্বীকার করে দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার মুঠোফোনে বলেন, ‘বিদ্যালয়ের ভবন নির্মাণের জায়গা নেই। তাই নজরুল মোল্যা ও তাঁর ভাইকে বিদ্যালয়ের জায়গা দেওয়ার বিনিময়ে একটি দোকানঘর তোলার কথা বলেছি। বাকি যাঁরা জমি দখল করেছেন, তাঁদের ব্যাপারে কিছু বলতে পারব না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষ বলেন, শিগগিরই অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হবে।