আসছে নিষিদ্ধ 'পাম্পবড়ি'
কোরবানির পশু বেচাকেনা শুরু হতে আর বেশি দেরি নেই। অনেক গরু ব্যবসায়ী এ সময়কে বেছে নিয়েছেন দ্রুত পশু মোটাতাজা করার জন্য। এ জন্য মিয়ানমার থেকে চোরাইপথে প্রচুর নিষিদ্ধ বড়ি আসছে টেকনাফে। টেকনাফ থেকে তা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে।
সূত্র জানায়, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে এসব নিষিদ্ধ বড়ি আনছে ১৫-২০ ব্যক্তি। এসব বড়ি নানা হাত ঘুরে চলে যাচ্ছে নানা জায়গার গরু ব্যবসায়ীদের হাতে।
জানা গেছে, মিয়ানমারে তৈরি ‘সিপ্রোহেপটাডিন’, ‘ডেক্সামেথাসোন’ ও ‘ডেক্সাভেট’ নামের বড়ি পশু মোটাতাজা করার কাজে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় ভাষায় এসব ট্যাবলেট ‘পাম্পবড়ি’ হিসেবে পরিচিত।
স্থানীয় পশু ব্যবসায়ী আমির আহমদ জানান, আকারভেদে একেকটি পশুকে দিনে ১০-১৫টি বড়ি খাওয়ানো যায়। এভাবে বড়ি খাওয়ানোর পর এক থেকে দেড় মাসের মধ্যে পশু মোটাতাজা হয়।
সূত্র জানায়, গত ২৪ আগস্ট টেকনাফের দমদমিয়া বিওপিতে বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার বড়িসহ বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এর আগে ২১ আগস্ট চট্টগ্রামের বাকলিয়া নতুন ব্রিজ এলাকায় বাস থেকে ১০ হাজার বড়িসহ মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা মো. রফিককে আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, আটক মো. রফিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি টেকনাফ থেকে প্রতি ১০০ বড়ি ৩০০ থেকে ৪৫০ টাকায় কিনে এনেছেন। এসব প্রতি ১০০ বড়ি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয়।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, এসব বড়ি পাচার বন্ধে অভিযান চলছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম হুমায়ুন কবির জানান, এসব বড়ি খাওয়ানোর ফলে পশুর যকৃৎ ও কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পানি জমে যায়। এই পানি স্বাভাবিকভাবে শরীর থেকে বের হতে না পারায় তা মাংসে সঞ্চারিত হয় এবং শরীর ফুলে যায়। তিনি জানান, বড়ির পার্শ্বপ্রতিক্রিয়ায় পশুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও হারিয়ে ফেলে। মোটাতাজা হওয়া পশুকে বড়ি খাওয়ানো বন্ধ করা হলে যেকোনো সময় তার মৃত্যু হতে পারে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এনামুল হক বলেন, এই বড়ি খাওয়া পশুর মাংসও মানুষের জন্য ক্ষতিকর।