আসন না দেওয়ায় প্রাধ্যক্ষকে ছাত্রলীগের নেতাদের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের প্রাধ্যক্ষ মুহাম্মদ রুহুল আমীনকে ছাত্রলীগের তিন নেতা হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চাহিদা অনুযায়ী হলের আসন না দেওয়ায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রুহুল আমীন গতকাল বুধবার দুপুরে ত্রিশাল থানায় ওই তিন নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্ত ওই তিন নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজুর রাজ্জাক অনিক, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মণ্ডল এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি নূরে রাব্বী।

প্রাধ্যক্ষের জিডি সূত্রে জানা যায়, ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র হল অগ্নিবীণা। এতে মোট ২১৬টি আসন আছে। সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আসন বণ্টন করা হয়। এবার ছাত্রলীগের নেতা মাহফুজুর রজ্জাক, নয়ন মণ্ডল ও নূরে রাব্বী প্রাধ্যক্ষের কাছে কর্মীদের জন্য ২০ থেকে ৩০টি আসন দাবি করেন। তাঁদের চাহিদা অনুযায়ী আসন দিতে অস্বীকৃতি জানান প্রাধ্যক্ষ। এতে বেশ কিছুদিন ধরে অভিযুক্ত তিনজন তাঁকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন।

জিডি সূত্রে আরও জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় নূরে রাব্বী ক্যাম্পাসের শিক্ষক ও কর্মকর্তা বাসভবন-২-এর সামনে প্রাধ্যক্ষ রুহুল আমীনকে দেখে কটূক্তি করেন। হলের আসন না দেওয়ায় তিনি তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। আসন না দেওয়ায় গতকাল দুপুরে মাহফুজুর রাজ্জাক ও নয়ন মণ্ডল পৃথকভাবে মুঠোফোনে প্রাধ্যক্ষকে দেখে নেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে প্রাধ্যক্ষ বলেন, ‘হলে সিট না দেওয়ায় বেশ কিছুদিন ধরেই ওই তিনজন আমাকে গুলি করার হুমকি পর্যন্ত দিচ্ছে। বাধ্য হয়ে গতকাল থানায় জিডি করেছি।’

এ বিষয়ে ছাত্রলীগের নেতা মাহফুজুর রাজ্জাক মুঠোফোনে বলেন, ‘আমি হলের প্রভোস্টের কাছে কোনো আসন দাবি করিনি। গতকাল দুপুরে মুঠোফোনে শুধু জানতে চেয়েছি, কী নিয়মের ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হয়েছে।’

অভিযুক্ত শিক্ষার্থী নয়ন মণ্ডল বলেন, ‘প্রভোস্টকে হুমকি দিইনি। আমাদের ছেলেরা (কর্মী) সিট পেয়েছে কি না, সেটা জানতে চেয়েছি।’

অপর অভিযুক্ত নুরে রাব্বীর মুঠোফোন নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রাধ্যক্ষের জিডি পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।