আসবাব ছিনিয়ে নিতে হত্যা করা হয় ভ্যানচালককে
ডেমরার ডিএনডি বাঁধ এলাকা থেকে গত ২৭ মে দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে পুলিশ ওই ব্যক্তির পরিচয় ও হত্যাকারীদের শনাক্ত করে। গতকাল রোববার সেই হত্যার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম ইদ্রিস হাওলাদার। তিনি ভ্যানচালক ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাচ্চু, জয়নাল আবেদীন ও জিয়াউর রহমান।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাওসার আহমেদ বলেন, অনেক চেষ্টার পর সূত্রবিহীন এই মামলার আসামিদের শনাক্ত করা হয়েছে। গতকাল রাজধানীর ওয়ারী, শ্যামপুর ও যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ মে রাতে একটি আলমারি ও একটি শোকেস নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্রেতার বাড়িতে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিলেন ভ্যানচালক ইদ্রিস। কাঁচপুর সেতুর আগে ডেমরা এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানের আরোহী ছয় দুর্বৃত্ত ইদ্রিসের পথরোধ করে। একজন ভ্যানটি নিয়ে আরেক দিকে চলে যায়। বাকিরা মিলে ভ্যানচালককে পিকআপে তুলে হাত-পা গামছা দিয়ে বাঁধে। মুখেও গামছা ঢুকিয়ে স্কচটেপ মেরে দেওয়া হয়। নির্যাতনের একপর্যায়ে ভ্যানচালকের দেহটি নিথর হয়ে পড়লে তারা ডিএনডি বাঁধ এলাকায় লাশ ফেলে পালিয়ে যায়।