আসবাব লুটের অভিযোগ রাঙামাটির ব্যবসায়ীদের
আসবাববাহী দুটি ট্রাক আটকের পর ১৩ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নেতারা। তাঁরা এ জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দায়ী করেছেন। গতকাল শনিবার দুপুরে শহরের বনরূপা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে আসবাব ব্যবসায়ীরা এ অভিযোগ করেন। তবে বিজিবি আসবাব লুটের অভিযোগ অস্বীকার করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, রাঙামাটি থেকে ঢাকায় পরিবহনকালে ১ ও ৮ জানুয়ারি চট্টগ্রামের খুলশী এলাকায় বিজিবি সদস্যরা দুটি ট্রাক আটক করে হালিশহরে বাহিনীর সেক্টর কার্যালয়ে নিয়ে যান। ওই আসবাব থেকে প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। বিষয়টি রাঙামাটি জেলা প্রশাসন ও বিজিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ব্যবসায়ীরা এ ঘটনার প্রতিবাদে কাল সোমবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন এবং একই দিন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সহসভাপতি মো. আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক হিরু তালুকদার প্রমুখ।
ব্যবসায়ীদের অভিযোগ, ১ জানুয়ারিতে আটক ট্রাকে ২৪ ধরনের আসবাব ছিল, যার মধ্যে বিজিবি সদস্যরা ৯ ধরনের আসবাব চট্টগ্রাম বন বিভাগে জমা দেন। আর ৮ জানুয়ারি জব্দ ট্রাকসহ ২৪ ধরনের আসবাবের কোনো হদিসই পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা দাবি করেন, প্রতিটি ট্রাকে সাত-আট লাখ টাকার আসবাব পরিবহন করা হয়। দুটি ট্রাকের যেসব আসবাব পাওয়া যাচ্ছে না তার মূল্য সাড়ে ১২ লাখ টাকা।
এক প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা বলেন, যেসব আসবাব ঢাকা বা চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় সেগুলো জেলা প্রশাসনে আবেদন করে নির্ধারিত পরিমাণ শুল্ক দিয়ে পরিবহন করা হয়। এ ছাড়া আসবাব পরিবহনের সময় রাঙামাটি থেকে চট্টগ্রাম পর্যন্ত বন বিভাগ ও যৌথ বাহিনীর সাতটি পরীক্ষণ ফাঁড়িতে পরীক্ষা করে নিয়ে যেতে হয়। এরপরও চট্টগ্রামের হালিশহর এলাকায় আসবাব পরীক্ষার নামে ট্রাক আটক করা হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ীরা আমাকে ঘটনাটি জানিয়েছেন। আমরা সমাধানের চেষ্টা করছি। ব্যবসায়ীরা সবসময় আসবাব পরিবহন করে। আগে কখনো আটক করা হয়নি।’
এ বিষয়ে জানতে চাইলে বিজিবির দক্ষিণ-পূর্বাঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই আসবাব বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যবসায়ীরা এ নিয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন।