আসবাবের পুটিং তৈরির সময় বিস্ফোরণ, ৪ শিশু দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভবনের নিচতলায় আজ মঙ্গলবার দুপুরে কাঠের আসবাবে ব্যবহারের জন্য পুটিং তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শিশু দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শিশুরা হলো মো. মিরাজ (৪), মো. মিয়াজ (৬), খাদিজা আক্তার (৭) ও রিমা আক্তার (৫)। এদের মধ্যে মিরাজ ও মিয়াজ দুই ভাই এবং খাদিজা ও রিমা দুই বোন। তারা পরিবারের সঙ্গে ওই ভবনেই থাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে একটার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি গ্রামে একটি ভবনের নিচতলায় কাঠে ভার্নিশ করার জন্য পুটিং তৈরি করছিলেন কয়েকজন মিস্ত্রি। হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। এতে পাশে থাকা প্লাস্টিকের ড্রামে আগুন ধরে যায়। এ সময় ওই স্থানের কাছাকাছি থাকা ওই চার শিশু আগুনে দগ্ধ হয়। পরে বেলা আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

মিরাজ ও মিয়াজের বাবা মিজানুর রহমান জানান, তিনি পাশের একটি দরজির দোকানে কাজ করেন। খবর পেয়ে বাসায় এসে দেখেন শিশুরা আগুনে দগ্ধ হয়েছে। পরে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসেন।
বার্ন ইউনিট সূত্র জানায়, আগুনে মিয়াজের দেহের ২৫ ও খাদিজার ৯ শতাংশ পুড়ে গেছে। রিমা ও মিরাজের সামান্য পুড়েছে।
বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক জানান মিয়াজ ও খাদিজা আক্তারের অবস্থা আশঙ্কাজনক। রিমা ও মিরাজ আশঙ্কামুক্ত। তবে তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।