আসল আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ধর্ষণ চেষ্টা মামলার আসল আসামি নজরুল ইসলামকে (৩৫) আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তাঁর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের নলছিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ নিয়ে গতকাল বুধবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘আসামি পলাতক কারাগারে নিরীহ কৃষক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।


আজ সন্ধ্যায় ধর্ষণ চেষ্টা মামলার বাদী পক্ষের আইনজীবী আবু বকর সিদ্দিক মুঠোফোনে জানান, আগামী ২৫ মে ধর্ষণ চেষ্টা মামলার ধার্য তারিখে নজরুল ও রিকশাচালক মোজাফফরকে আদালতে হাজির করা হবে। এ ছাড়া নজরুল ও রিকশাচালক মোজাফফর এবং বদলি হাজিরার ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সাঘাটা উপজেলার নলছিয়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের আট বছরের শিশুকন্যাকে একই গ্রামের নজরুল ইসলাম (৩৫) ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় শিশুর মা চামেলি খাতুন ২০১৬ সালের ৬ জানুয়ারি গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। ওই বছরের ২৯ মার্চ আদালত নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামি নজরুল ইসলাম পলাতক ছিলেন।

এদিকে আসামিপক্ষ একই গ্রামের রিকশাচালক মোজাফফরকে (৫০) চলতি বছরের ১০ এপ্রিল নজরুল ইসলাম সাজিয়ে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানানো হয়। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।