আসল মোড়কে নকল প্রসাধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোড়ক চকচকে। প্যাকেট খুললে যে বোতল বা কনটেইনার বেরোবে তাও ঝকঝকে। বডি স্প্রের ছিপিতে চাপ দিলে সুগন্ধ বের হবে। মনে হবে আসল প্রসাধন। আর এটি যদি কোবরা, ব্রুটের মতো বিখ্যাত ব্র্যান্ডের হয়, তাহলে তো কথাই নেই।
তবে চকচক করলেই সব প্রসাধন আসল নয়, এমন বহু প্রসাধন নকল। সুগন্ধির আড়ালে হয়ত বিষই ব্যবহার করছেন ক্রেতারা। এমন সব প্রসাধনের প্রায় ১২ লাখ কনটেইনার গত ৪ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার শিমরাইল থেকে উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। এর মধ্যে ১১ লাখ ২২ হাজারটি ছিল খালি কনটেইনার। বাকি ৫০ হাজার কনটেইনারে প্রসাধন ভরা ছিল। আর সবই ফ্রান্স, কানাডার নামীদামী ব্রান্ডের সুগন্ধি, জেল, ক্রিম, আফটার শেভ লোশন ইত্যাদি। এগুলোর আমদানিকারক ও প্রস্তুতকারক ছিলেন মো. বেলায়েত হোসেনের মালিকানাধীন মুনস্টার প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। একই দিন একই প্রতিষ্ঠানের গোডাউনে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে সোয়া লাখ রেজার ও ৫ লাখ পিস ব্লেড উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দাবি, আটক পণ্যের মূল্য ২০ কোটি টাকা।
প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারার কারণে বেলায়েত হোসেনকে আসামি আজ বুধবার বিকেলে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, বেলায়েতকে দ্রুত গ্রেপ্তার করা হবে।
মইনুল খান বলেন, শিমরাইলের এই কারখানায় খালি কনটেইনারগুলোতে নকল প্রসাধন ভরার কাজ করা হতো। এরপর দেশের বিভিন্ন বিপণিবিতানে পাইকারি মূল্যে বিক্রি করা হতো।
আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশ থেকে খালি কনটেইনারগুলো এসেছে। তবে দেশে এই বিপুল সংখ্যক কনটেইনার কীভাবে এসেছে তা তদন্তের মাধ্যমে বের করা হবে।