আসলামুলকেও দায়মুক্তি দিল দুদক

পদ্মা সেতু কেলেঙ্কারির সাত আসামির পর ঢাকার সাংসদ আসলামুল হককেও দায়মুক্তি দিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া পুনর্যাচাইয়ের নামে এরই মধ্যে পিছিয়ে দেওয়া হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান।
গতকাল দুপুরে অব্যাহতি দিয়ে বিকেলেই সুখবরের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুলকে। হলফনামা অনুযায়ী, তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ছিল।
দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত শাখার একাধিক পরিচালক ও উপপরিচালক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সম্প্রতি দুই বর্তমান সাংসদ ও একজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা করলেও অধিকাংশ ক্ষেত্রে প্রভাবশালীদের অব্যাহতি দেওয়ার প্রবণতা লক্ষণীয়।
ওই কর্মকর্তারা বলেন, দুদক সাধারণত মামলার পরপরই বিরোধী দলের নেতা বা কোনো কোনো সরকারি কর্মকর্তাকে দ্রুত গ্রেপ্তারের উদ্যোগ নেয়। বিকেলে মামলা হলে রাত পোহানোর আগেই গ্রেপ্তারের নজিরও আছে। কিন্তু সরকারদলীয় দুই সাংসদ মাহবুবুর রহমান ও আবদুর রহমান বদিকে গ্রেপ্তারে দুদকের কোনো আগ্রহই নেই।
পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রসংক্রান্ত মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, রেলের নিয়োগ-বাণিজ্যে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, শেয়ারবাজার কেলেঙ্কারিসহ অবৈধ সম্পদের অভিযোগে আওয়ামী লীগ নেতা এইচ বি এম ইকবাল, ২০০১ সালে আদমশুমারি ও গৃহ গণনা প্রকল্পের প্রশ্নপত্র মুদ্রণ অনিয়মে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, হল-মার্ক কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর তৎকালীন স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীসহ সোনালী ব্যাংকের পরিচালনা পর্যদের সদস্য ও দলীয় নেতা জান্নাত আরা তালুকদার হেনরী, সাইমুম সরোয়ার কমল ও বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারিতে দুই সাংসদপুত্রের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা থাকলেও কোনোটাই প্রমাণ করার ব্যাপারে আগ্রহ দেখায়নি দুদক।
গতকাল বৃহস্পতিবার সাংসদ আসলামুল হককে অবৈধ সম্পদ রাখার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেন অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মেজবাহউদ্দিন। অথচ দশম সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় সরকারদলীয় এ সাংসদ নিজেই ঘোষণা দিয়েছেন, তাঁর সম্পদ (জমি) বেড়েছে ৩৪ গুণের বেশি।
আসলামুলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে জমি দখলের অভিযোগ থাকলেও দুদকের অনুসন্ধানে তার প্রমাণ মেলেনি। এমনকি অবৈধ কোনো সম্পদ কিংবা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের কোনো প্রমাণ পায়নি দুদক।
সাতক্ষীরা-৩ আসনের সরকারদলীয় সাংসদ রুহুল হকের বিপুল সম্পদের খোঁজ পেয়েছেন দুদকের সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। এর বাইরে পাঁচ বছরের মন্ত্রিত্ব সাবেক এই মন্ত্রীকে বিপুল সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। পাশাপাশি তাঁর স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হকের নামেও বিপুল সম্পদের অস্তিত্ব মিলেছে। দুদকের প্রতিবেদনে বেশ কিছু জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং আরও প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়ার কথা উল্লেখ রয়েছে। এরপর আরও বিস্তারিত অনুসন্ধানের জন্য অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মীর্জা জাহিদুল আলমকে এ বিষয়টি আরও যাচাইয়ের নির্দেশ দিয়েছে কমিশন।
জানতে চাইলে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব বিষয়ে আগাম মন্তব্য করা ঠিক হবে না। প্রতিবেদনগুলোর কোনোটিই আমি দেখিনি।’ তবে কমিশন সাবেক স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী ও পুত্রের অনুসন্ধান পৃথকভাবে করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
এনামুল হক: রাজশাহীর সাংসদ এনামুল হকের বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন দ্রুত কমিশনে জমা দেবেন উপপরিচালক যতন কুমার রায়। দুদক সূত্র জানায়, হলফনামা ও সম্পদ বিবরণীর মধ্যে বিপুল গড়মিল পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ের অনুসন্ধানে এনা প্রোপার্টিজের এই স্বত্বাধিকারী দুই কর বছরে মোট ৩৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার তথ্য গোপন করেছেন। এই অর্থকে ‘কালো টাকা’ বা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে গণ্য করা হচ্ছে। সরকারদলীয় এ সাংসদের মালিকানাধীন এনা প্রোপার্টিজ আয়কর দাখিলের সময় এক নিরীক্ষা প্রতিবেদন এবং ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় ভিন্ন নিরীক্ষা প্রতিবেদন দাখিল করেছে।
তদন্তের হাল: দুই সাংসদ বদি ও মাহবুবুর রহমান এবং সাবেক মন্ত্রী মান্নান খানের বিরুদ্ধে মামলা করা হলেও তদন্তকাজ শুরুই হয়নি। মামলার আগেই রাজশাহীতে বদলি করা হয়েছে মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান চালানো উপপরিচালক খায়রুল হুদাকে।