আসাদগেট নিউ কলোনি মাঠে অবৈধ দখল
মাঠের এক পাশে পুরোদস্তুর বাজার। সঙ্গে চা-সিগারেটের দোকানও আছে। নির্মাণসামগ্রীও ফেলে রাখা। পুরোটাই খানাখন্দে ভরা। আছে অস্থায়ী কিছু টিনের ঘর। আসাদগেট নিউ কলোনি মাঠটি স্থানীয় লোকজন ঠিকমতো ব্যবহার করতে পারেন না।
গতকাল শুক্রবার দেখা যায়, মাঠের ভেতরে মুরগির বড় বড় খাঁচা। দুজন সেখানে মুরগি কাটছেন। সালেহা বেগম নামের একজন বলেন, তিনি এখানে রান্নার কাজ করেন। হোটেল আছে বেশ কিছু। এখানেই রান্না হয় নিয়মিত। সকালে বাজার বসে। সবজি, মাছ, মাংসসহ অনেক কিছুই বেচাকেনা হয়। খাবারের উচ্ছিষ্ট, আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে। অপর পাশে আসাদগেটের দিকে গাড়ির মেলা। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি শুক্রবারই এখানে পুরোনো গাড়ি বেচাকেনার হাট বসে।
বাজারের পাশে অস্থায়ীভাবে টিন দিয়ে ঘর বানানো হয়েছে। হোসেন নামের এক শ্রমিক বলেন, ‘সরকারি বাসা বানাইতেছি। শ্যাষ না হওয়া তরি আমরা মাঠেই থাকমু।’ শ্রমিকদের এই আবাসকে ঘিরে বাজার আরও বেশ জমজমাট হয়।
মাঠের ভেতরেই চারদিক ঘিরে চা-সিগারেটের অন্তত ২০টির বেশি দোকান। ফুচকা-চটপটির দোকানও আছে। এ ছাড়া ভাঙা দোকান ফেলে রাখা। নাম প্রকাশ না করার শর্তে এক চা বিক্রেতা বলেন, এখানকার সব দোকানই কাউন্সিলরের অনুমতি নিয়ে করা। তাই কেউ তাঁদের বাধা দেন না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে পড়েছে মাঠটি। কাউন্সিলরের কার্যালয়টি মাঠের সঙ্গেই। গতকাল মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কাউন্সিলরকে পাওয়া যায়নি। মাঠের অনেকাংশজুড়ে নির্মাণসামগ্রী রাখা। এ ছাড়া ফুটপাতের ভাঙা রেলিংয়ের স্তূপও আছে। বিভিন্ন জায়গা খানাখন্দে ভরা। মাঠে ঘাস খুবই কম।
স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী বলেন, ‘সকালে মাঝে মাঝে হাঁটতে বের হই। কিন্তু আগের মতো পুরোটা চক্কর দিতে পারি না। সকাল হলে আশপাশের মানুষও এখানে বাজার করতে আসে। একটা মাঠ, তারও অস্তিত্ব রাখতে দিব না।’ তিনি বলেন, খেলাধুলাও কমে গেছে। নির্মাণসামগ্রী ও শ্রমিকদের আবাস হওয়ায় স্থানীয় লোকজন কম যান। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীন এই মাঠটি আসাদগেটে আড়ংয়ের পাশে হওয়ায় স্থানীয়ভাবে আড়ং মাঠ নামেও পরিচিত। জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, বাজারটি অস্থায়ী। উচ্ছেদের পরিকল্পনা আছে। শ্রমিক যাঁরা আছেন, দ্রুতই তাঁরা চলে যাবেন। এই বিভাগের অপর এক প্রকৌশলী বলেন, স্থানীয় প্রভাবশালীদের মদদেই বাজারটি বসে। উচ্ছেদ করতে গেলে বাধার মুখে পড়তে হয়।