আসামি অফিস করেন, পুলিশ খুঁজে পায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলেজছাত্র হাবিবুল্লাহ হত্যা মামলার ১ নম্বর আসামি তিনি। আদালত থেকে জামিনও নেননি। নিজ কার্যালয়ে নিয়মিত অফিসও করছেন। কিন্তু পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না। তাই গ্রেপ্তারও করছে না।
আসামির নাম নূর আহম্মেদ। তিনি সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।
নিহত হাবিবুল্লাহ সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে পড়তেন। তিনি আশাশুনি উপজেলার পশ্চিম বাঁকড়া গ্রামের মো. আলিমুদ্দীন সরদারের ছেলে।
আলিমুদ্দীন সরদার বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গত জানুয়ারি মাসে তাঁর বাড়িসংলগ্ন জমিতে একটি গভীর নলকূপ স্থাপন করে। এ নলকূপের পানি সরবরাহ নিয়ে হামলায় ১১ জুলাই তাঁর ছেলেকে কুপিয়ে খুন করা হয়। এ মামলায় তিনি ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। তাঁর ছেলেকে খুনের ঘটনায় ইন্ধনদাতা ও নির্দেশদাতা হিসেবে তিনি নির্বাহী প্রকৌশলী নূর আহম্মেদকে ১ নম্বর আসামি করেন।
আলিমুদ্দীন অভিযোগ করেন, নূর আহম্মেদ সাতক্ষীরার কার্যালয়ে বসে নিয়মিত অফিস করছেন। তবু পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, নূর আহম্মেদ প্রতিদিনই অফিসে কাজ করছেন। নিজ দপ্তরে বসে প্রতিদিন বিভিন্ন কাগজপত্রে সই করেছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রকৌশলী নূর আহম্মেদ দাবি করেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। হাইকোর্ট থেকে জামিনের চেষ্টা করছি।’
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) মনোজিৎ কুমার নন্দী প্রথম আলোকে বলেন, ‘চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। ঘটনার রাতে ১ নম্বর আসামিকে গ্রেপ্তারের জন্য তাঁর বাসায় গিয়েও পাওয়া যায়নি।’