আসামি আরিফুলের অবস্থান পুলিশের অজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল এলাকায় ঘরোয়া হোটেলের কর্মচারী মো. রিয়াদ (১৬) হত্যার প্রধান আসামি আরিফুল ইসলাম এখনো পলাতক। তিনি কোথায় তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। মামলার তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, হোটেলটির মালিক আরিফুল বারবার অবস্থান বদল করছেন। তাই তাঁকে ধরা যাচ্ছে না।
রিয়াদ হত্যার ৫২ দিন পরেও আরিফুল ধরা না পড়ায় প্রাণভয়ে ঢাকায় আসছেন না তার বড় ভাই ও মামলার বাদী মো. রিপন। হত্যাকাণ্ডের পরদিন আরিফুলের বড় ভাই রাসেল মুঠোফোনে রিপনকে হুমকি দিয়েছেন বলে গত ১ নভেম্বর চাঁদপুরের হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। ফকিরাপুলের একটি হোটেলে কাজ করতেন রিপন। বর্তমানে গ্রামের বাড়ি চাঁদপুরে দিনমজুরের কাজ করছেন তিনি।
রিপন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর চাঁদপুরের হাজীগঞ্জ প্রতিনিধিকে বলেন, ‘মামলার অবস্থা কী আমি জানি না। আমার সঙ্গে পুলিশের কেউ যোগাযোগ করেননি। ঢাকায় আসতে ভয় লাগে। তাই গ্রামে কাজ করি।’
ঘরোয়ার মালিক আরিফুল প্রভাবশালী হওয়ায় ধরা পড়ছেন না বলে মনে করছেন রিয়াদের পরিবারের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াদের এক চাচা বলেন, আরিফুলের পরিবারের লোকেরা নভেম্বর মাসের মাঝামাঝি পাঁচ লাখ টাকার বিনিময়ে মামলা তুলে নিতে প্রস্তাব দিয়েছিলেন।
গত ২৭ অক্টোবর রাতে ঢাকার ৭৩ নম্বর স্বামীবাগে ঘরোয়া হোটেলের কর্মচারীদের মেসে মারধর ও গুলি করে হত্যা করা হয় রিয়াদকে। ওই বাড়ির তিনটি ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, হোটেলমালিক আরিফুল ইসলামসহ বেশ কয়েকজন যুবক রিয়াদকে মারধর করে রাত পৌনে একটার দিকে মেসের ভেতরে নিয়ে যান। এর প্রায় ২৫ মিনিট পর গুলিবিদ্ধ অবস্থায় রিয়াদকে আরিফুলের ব্যক্তিগত গাড়িতে তুলে নিয়ে যেতেও দেখা যায়। সিসি ক্যামেরার এসব ফুটেজ পুলিশ জব্দ করে।
হত্যার পর রিয়াদের লাশ কর্মচারী জসিমকে দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছিনতাইকারীদের গুলিতে রিয়াদ মারা গেছে বলে উল্লেখ করা হয়। লাশ হাসপাতালে পাঠিয়ে আরিফুল পালিয়ে যান। রিয়াদ হত্যার পরদিন থেকে ঘরোয়া হোটেলটি বন্ধ রাখে মালিকপক্ষ।
এ ঘটনার পর ঘরোয়া হোটেলের মালিক আরিফুল ইসলামকে আসামি করে তিনজনের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেন রিয়াদের বড় ভাই রিপন। মামলার ২ নম্বর আসামি মো. জসিমকে ঘটনার পরদিন গ্রেপ্তার করা হয়। তৃতীয় আসামি হোটেলের আরেক কর্মচারী ফরিদ পলাতক রয়েছেন। হত্যায় ব্যবহৃত আরিফুলের গাড়ি ও পিস্তলটি আটক করা যায়নি। তদন্তে নেমে পুলিশ হোটেলটি সিলগালা করার জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) আবেদন করেন। আদালতের আদেশে গত ২২ নভেম্বর ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক এলাহী ঘরোয়া হোটেলটি সিলগালা করে দেন।
আরিফুল গ্রেপ্তার না হওয়ার বিষয়ে মামলার তদন্তকারী ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম শিকদার প্রথম আলোকে বলেন, রিয়াদ হত্যার ঘটনায় আরিফুলের সম্পৃক্ত থাকার সব প্রমাণ পাওয়া গেছে। এখন শুধু তাঁকে গ্রেপ্তার করা বাকি রয়েছে। তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য গা-ঢাকা দিয়েছেন। তাই আরিফুল কোথায় আছেন, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।