আসামি খালাস চেয়ে বিচারককে হত্যার হুমকি
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশীদকে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি হত্যা মামলার আসামিদের খালাস চেয়ে আজ বৃহস্পতিবার তাঁকে ওই বার্তা পাঠানো হয়।
বিষয়টি বিচারকের পক্ষ থেকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এসএমএসের সূত্র ধরে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আজ দুপুরে ওই বিচারকের ব্যক্তিগত মুঠোফোনে একটি মুঠোফোন নম্বর থেকে এসএমএস আসে। তাতে বিচারককে জেলার রূপগঞ্জের ফারুক হোসেন হত্যা মামলার আসামিদের বেকসুর খালাস দিতে বলা হয়। অন্যথায় তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৮ এপ্রিল বিকেলে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসা থেকে ফারুককে একই এলাকার মাসুম ওরফে ফালান, আলমগীর, রুবেল ও সাজু ওরফে মনির ডেকে নিয়ে যান। রাতে ফারুক আর বাসায় ফেরেননি। পরদিন পাশের পূর্বপাড়া গ্রাম থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ফারুকের বাবা শামসুল হক রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় মাসুম, আলমগীর, রুবেল ও সাজুকে আসামি করা হয়। তাঁরা বর্তমানে জামিনে রয়েছেন। শিগগিরই এ মামলার রায় হবে বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া প্রথম আলোকে বলেন, যে মোবাইল নম্বর থেকে বিচারকের মোবাইলে এসএমএস পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে, সেই নম্বরটির অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। তা ছাড়া সংশ্লিষ্ট কোম্পানির কাছে সেটির কলতালিকা চাওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।