আসামি গ্রেপ্তার নেই, পুলিশের প্রশ্ন চিকিৎসকের কাজ নিয়ে

পল্লবীর মারকাজুল তারতিলিল মাদ্রাসার ছাত্র হাফিজুর রহমান কাওসারের (৯) অস্বাভাবিক মৃত্যু হয় গত ৭ আগস্ট। পুলিশ আসামিকে গ্রেপ্তার করেনি। তবে ময়নাতদন্তকারী চিকিৎসক ঘটনাস্থলে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছে তারা। ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভাতেও চিকিৎসকের এ উদ্যোগ নিয়ে অভিযোগ তোলা হয়েছে।
শিশু হাফিজুরের বাবা মো. দুলাল খান প্রথম আলোকে বলেন, পল্লবী থানার পুলিশ বলছে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে আসামি ধরবে। কারণ, অভিযুক্ত ব্যক্তিরা নির্দোষও হতে পারেন। যেন মানবাধিকার লঙ্ঘন না হয় সে জন্য তাদের সতর্ক থাকতে হচ্ছে।
জানা গেছে, গত শনিবার ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সোহেল মাহমুদ যেখান থেকে হাফিজুর রহমান কাওসারের মৃতদেহ উদ্ধার হয়, সেখানে যান। হাফিজুরের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে এর আগে গত ৯ আগস্ট ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ বোর্ড গঠন করে। সোহেল মাহমুদের সঙ্গে ওই দিন সেই বোর্ডের সদস্য ও স্নাতকোত্তর শ্রেণির ছাত্ররা ছিলেন। তাঁরা হাফিজুরের মা–বাবা ও মারকাজুল তারতিলিলের ছাত্রদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।
সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, মৃত্যুর কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার এখতিয়ার চিকিৎসকের আছে। চট্টগ্রামে দিয়াজের মৃত্যুর কারণ খতিয়ে দেখতেও তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। প্রথমে আত্মহত্যা বলা হলেও পরে তাঁদের প্রতিবেদনেই বেরিয়ে আসে দিয়াজকে হত্যা করা হয়েছিল। অনেক সময় আত্মহত্যায় প্ররোচনাও দেওয়া হয়। সে জন্যও ঘটনাস্থল পরিদর্শন করা জরুরি। হাফিজুরের মৃত্যুর কারণ সম্পর্কে তাঁরা ধারণা পেয়েছেন। তাঁরা আশা করছেন দিন দশেকের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন দিতে পারবেন। ঘটনাস্থল পরিদর্শনের সময় তাঁদের সঙ্গে পল্লবী থানার পুলিশ ছিল। তারা সহযোগিতাও করেছে বলে জানান তিনি।
তবে গত বুধবার ঢাকা মহানগর পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় ঘটনাস্থল পরিদর্শনে চিকিৎসকের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়। তাঁরা বলেন, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞের দায়িত্ব মৃত্যুর কারণ খুঁজে বের করা। তিনি পুলিশের করা সুরতহাল প্রতিবেদন দেখবেন এবং নিজে পরীক্ষা করে মৃত্যুর কারণ কী, সে ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। ঘটনাস্থল পরিদর্শন তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না।
কার কী এখতিয়ার সে নিয়ে অভিযোগ-অনুযোগ থাকলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পল্লবী থানার পুলিশের তদন্ত এক পা–ও এগোয়নি। কেন হাফিজুরকে মরতে হলো, সে সম্পর্কে তারা অন্ধকারে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির প্রথম আলোকে বলেন, ‘আসলে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারছি না।’
গত ৭ আগস্ট মারকাজুল তারতিলিল আবাসিক মাদ্রাসার শৌচাগারের ছিটকিনিতে গামছা পেঁচিয়ে হাফিজুর আত্মহত্যা করে বলে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে মো. দুলাল খানের দাবি, মাদ্রাসার অধ্যক্ষ জুনায়েদ বিন ইসহাক, তাঁর স্ত্রী সুমাইয়া খাতুন, ভাই ইয়াহিয়া বিন ইসহাক ও শিক্ষক মুস্তাফিজুর রহমান তাঁর ছেলেকে খুন করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।
নীলক্ষেতের বই বিক্রেতা দুলাল খান বলেন, ছেলে মারা যাওয়ার আগের দিন মাদ্রাসায় নাশতা নিয়ে গিয়েছিলেন ছেলের মা। মাকে দেখলেই বাড়ি চলে আসতে চাইবে এই ভয়ে ছেলের সঙ্গে দেখা করেননি তিনি। পরদিন সকালে পরিচিত এক ব্যক্তির ফোন পেয়ে মাদ্রাসায় এসে দেখেন ছেলের মৃতদেহ বিছানায় শোয়ানো। পুলিশ ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার না করেই ফিরে যায়। পরে আবার গিয়ে মাদ্রাসার অধ্যক্ষ জুনায়েদ বিন ইসহাককে নিয়ে আসে। তাঁরা জানতে পারেন, ঘটনার আগের রাতে ও ভোরবেলায় মাদ্রাসা ছাত্রদের নামাজ ও কোরআন শরিফ পড়ানোর দায়িত্ব ছিল মুস্তাফিজুর রহমানের ওপর। কিন্তু তাঁকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়নি পুলিশ।