বগুড়ার শেরপুরে একজন চিকিৎসককে বিবস্ত্র করে মারধর, তাঁর ভিডিওচিত্র ধারণ ও চাঁদার টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় গতকাল বুধবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার এক নম্বর আসামি উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির হোসেনের বাড়িতে গতকাল বুধবার দুপুরে অভিযান চালায় শেরপুর থানা-পুলিশ। অভিযানে ওই নেতার শোবার ঘরের খাটের গদির মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ওই চিকিৎসকের দেওয়া একটি চেকের পাতা পাওয়া যায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জাকির হোসেনের স্ত্রী মিনা বেগমকে (৩৫) আটক করে থানায় নেয়।
শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে গত মঙ্গলবার রাতভর মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। তবে কেউ ধরা পড়েনি।
শেরপুর উপজেলার বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির ও তাঁর সঙ্গপাঙ্গরা গত সোমবার রাতে উপজেলার বাগড়া এলাকায় একটি চাতালের গুদামঘরে ওই চিকিৎসককে আটকে মারধর ও বিবস্ত্র করে সে দৃশ্য মুঠোফোনে ভিডিও করে। পরে তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ৫০ হাজার টাকা ও সাড়ে চার লাখ টাকার একটি চেক আদায় করে আসামিরা। এ ঘটনায় গতকাল বুধবার প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।