আসামি গ্রেপ্তারে পুলিশকে সময়সীমা দিলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী আবদুর রাজ্জাক হত্যা মামলার আসামিদের ৩০ দিনেও গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে গতকাল বুধবার অনশন ও মানববন্ধন করা হয়। এ সময় স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান আসামিদের গ্রেপ্তার করতে পুলিশকে সাত দিনের সময় বেঁধে দেন।
মামলা সূত্রে জানা যায়, সখীপুর ফাহিম সুপার মার্কেটের দোতলায় গত ১৪ জুলাই ওই মার্কেটের মালিক আশরাফ পাহাড়ির উপস্থিতিতে তাঁর ছেলে রুবেল ও শাহ আলম দলবল নিয়ে দিনদুপুরে ঈদ বাজারের ক্রেতাদের সামনে ব্যবসায়ী আবদুর রাজ্জাককে (২৮) কুপিয়ে খুন করে। নিহত রাজ্জাকের বাবা এ ঘটনার পরদিন চারজনকে আসামি করে একটি মামলা করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকাল ১০টার দিকে নিহত রাজ্জাকের বাবা শামছুল হক, মা রাজিয়া আক্তার ও স্ত্রী শাওন আক্তারসহ পরিবারের লোকজন ফোয়ারা চত্বরে এসে পূর্বনির্ধারিত অনশন কর্মসূচিতে অংশ নেন। এ সময় সখীপুর বাজার বণিক সমিতির সদস্যরা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীরা ও বিদ্যালয়-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যোগ দেন। তাঁরা সখীপুর-ঢাকা ও সখীপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে এক সমাবেশের আয়োজন করা হয়। এ সময় রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যায়।
টানা তিন ঘণ্টা অনশন চলার পর বেলা একটার দিকে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ অনুপম শাহজাহান এ কর্মসূচিতে যোগ দেন। পরে তিনি পুলিশকে উদ্দেশ করে বলেন, আগামী সাত দিনের মধ্যে খুনিদের গ্রেপ্তার না করতে পারলে সখীপুর থানা থেকে স্বেচ্ছায় চলে যাবেন। তা না হলে ২০ আগস্ট থেকে সখীপুর থানার পুলিশ কর্মকর্তাদের তাড়ানোর জন্য কঠোর আন্দোলন করা হবে। এ সময় তিনি রাজ্জাকের পরিবারের লোকজনের কাছে এ হত্যার বিচারের আশ্বাস দেন।
সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পৌর মেয়র আবু হানিফ আজাদ, সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান প্রমুখ।
সময় বেঁধে দেওয়া প্রসঙ্গে থানার ওসি ইলিয়াছ বলেন, খুনিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।