রংপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের এক নারীনেত্রীকে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। জেলা ছাত্রলীগের আয়োজনে গত বৃহস্পতিবার রাতে এ কর্মসূচি পালন করা হয়।
রাত নয়টার দিকে শহরের বাটার গলিতে অবস্থিত জেলা ছাত্রলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকীর সভাপতিত্বে ওই সমাবেশে বক্তারা বলেন, অভিযুক্ত মহিবুল আহমেদ ছাত্রলীগের নারীনেত্রীকে যেভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, তা ক্ষমার অযোগ্য। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়া হবে।
গত মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ওই নারীনেত্রী তাঁর ভাইকে নিয়ে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন একটি বাজারে আম কিনতে যান। সেখানে মহিবুল তাঁদের গালাগাল করেন। একপর্যায়ে নারীনেত্রীর চুল ধরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন মহিবুল।